Logo

দেশে প্রথম জাতীয় ঔষধনীতি প্রণয়নকারী জিয়াউর রহমান: স্বাস্থ্যমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ মে, ২০২৬, ১৯:০৭
দেশে প্রথম জাতীয় ঔষধনীতি প্রণয়নকারী জিয়াউর রহমান: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন | ফাইল ছবি

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের প্রথম জাতীয় ঔষধনীতি প্রণয়ন করেছিলেন। সেই নীতির সুফলেই বর্তমানে বাংলাদেশ নিজস্ব চাহিদার প্রায় শতভাগ ওষুধ দেশেই উৎপাদন করতে সক্ষম হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, এখন আরও কিছু জরুরি ও বিশেষায়িত ওষুধ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো এ লক্ষ্য পূরণে কাজ করছে এবং খুব শিগগিরই এ ক্ষেত্রেও সফলতা আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বুধবার (১৩ মে) দুপুরে গাজীপুরের টঙ্গীর কাঁঠালদিয়া এলাকায় নেভিয়ান লাইফসায়েন্স পিএলসি ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)-এর একটি উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের ওষুধ শিল্প আজ যে অবস্থানে পৌঁছেছে, তার পেছনে দীর্ঘমেয়াদি নীতিগত পরিকল্পনা ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বাংলাদেশের বিভিন্ন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বর্তমানে বিদেশে ওষুধ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করছে। এর মাধ্যমে দেশের অর্থনীতি ও শিল্পখাত আরও শক্তিশালী হচ্ছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলো প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। রপ্তানি বহুমুখীকরণে ওষুধ শিল্প এখন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ খাত হিসেবে বিবেচিত হচ্ছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশীয় ওষুধ শিল্পের সম্প্রসারণের ফলে বাংলাদেশ বৈশ্বিক বাজারে নতুন সম্ভাবনা তৈরি করছে। উন্নতমানের ওষুধ উৎপাদনের মাধ্যমে আন্তর্জাতিক আস্থা অর্জনেও কাজ করছে স্থানীয় কোম্পানিগুলো।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞদের মতে, নীতিগত সহায়তা ও প্রযুক্তিগত উন্নয়ন অব্যাহত থাকলে বাংলাদেশের ওষুধ শিল্প আগামী দিনে আরও বড় রপ্তানি খাতে পরিণত হতে পারে।

অনুষ্ঠানে ভার্চুয়ালি শুভেচ্ছা বক্তব্য দেন স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী এবং স্যান্ডোজ কানাডার সাপ্লাই প্ল্যানিং বিশেষজ্ঞ স্যাম্পসন ল্যাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেভিয়ান লাইফসায়েন্স পিএলসি ও বিসিআইসির চেয়ারম্যান মো. ফজলুর রহমান।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান মো. নাছের শাহরিয়ার জাহেদী এবং নেভিয়ানের ব্যবস্থাপনা পরিচালক মুসাওয়াত শামস জায়েদীসহ আরও অনেকে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD