নতুন করে আরও এক মেডিকেল কলেজের অনুমোদন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের অধীনে ঠাকুরগাঁও মেডিকেল কলেজের অনুমোদন দিয়েছে সরকার। এর ফলে দেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮টিতে।
বিজ্ঞাপন
বুধবার (১৩ মে) স্বাস্থ্য শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ অনুমোদন দেওয়া হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ওই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ডিন, সংশ্লিষ্ট জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ৩৭টি সরকারি এবং ৬৬টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ছয়টি মেডিকেল কলেজ পরিচালিত হচ্ছে।
এর মধ্যে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধীনে বগুড়া, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর ও রংপুরে একটি করে মেডিকেল কলেজ রয়েছে। এছাড়া সশস্ত্র বাহিনী চিকিৎসা সেবা অধিদপ্তরের (ডিজিএমএস) অধীনে ঢাকায় সশস্ত্র বাহিনী মেডিকেল কলেজ (এএফএমসি) পরিচালিত হচ্ছে।
বিজ্ঞাপন
অন্যদিকে নতুন করে চট্টগ্রামে নৌবাহিনী পরিচালিত একটি মেডিকেল কলেজ চালু হয়েছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগে সরকারি মেডিকেলে আসন ছিল ৫ হাজার ৩৮০টি এবং বেসরকারিতে ৬ হাজার ২৯৩টি। পরে পুনর্বিন্যাসের পর সরকারি আসন দাঁড়ায় ৫ হাজার ১০০ এবং বেসরকারি আসন ৬ হাজার ১টিতে।
বিজ্ঞাপন
সেনাবাহিনী পরিচালিত পাঁচটি মেডিকেলে ৫০টি করে মোট ২৫০টি আসন রয়েছে, আর এএফএমসিতে আসন ১২৫টি। নৌবাহিনীর নতুন মেডিকেলে রয়েছে ৫০টি আসন।
সব মিলিয়ে সরকারি, বেসরকারি, সেনাবাহিনী ও নৌবাহিনী পরিচালিত মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৫২৬টি।








