Logo

হামের মধ্যে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ জুন, ২০২৬, ১৯:৩৬
হামের মধ্যে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

দেশে আবারও উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২২০ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় এবং অপরজনের মৃত্যু হয়েছে বরিশাল বিভাগে। এর ফলে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে পৌঁছেছে।

নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে, যেখানে ৫৪ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া খুলনা বিভাগে ৫২ জন, ঢাকা বিভাগে ৪৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ২৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২০ জন, চট্টগ্রাম বিভাগে ১৬ জন, সিলেট বিভাগে ৪ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ জুন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সর্বোচ্চ ৩ জন মারা গেছেন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা ও রাজশাহী বিভাগে একজন করে মৃত্যুর ঘটনা ঘটেছে।

এদিকে আগের বছরগুলোতেও ডেঙ্গুর ভয়াবহতা ছিল উল্লেখযোগ্য। ২০২৫ সালে দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মৃত্যুর সংখ্যা ৪১৩। ২০২৪ সালে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন, মারা যান ৫৭৫ জন। আর ২০২৩ সালে ডেঙ্গুতে প্রাণ হারান ১ হাজার ৭০৫ জন এবং হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD