রোগীদের অভিযোগ শুনে তিন নার্সকে বদলি করলেন স্বাস্থ্যমন্ত্রী

ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে গিয়ে রোগী ও স্বজনদের অভিযোগ শুনে তিন সিনিয়র নার্সকে অন্যত্র বদলির নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বিজ্ঞাপন
রবিবার (৩০ আগস্ট) সকাল ১১টার দিকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান মন্ত্রী। পরিদর্শনের শুরুতে হাসপাতালের কাউন্টারে সেবা নিতে অপেক্ষমাণ রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন তিনি। পরে বিভিন্ন ওয়ার্ড, নার্সিং ডিউটি রুম, টয়লেট, রান্নাঘর ও ওষুধের স্টোরসহ হাসপাতালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।
ভর্তি রোগীদের সঙ্গেও সরাসরি কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় রোগীরা চিকিৎসাসেবা নিতে গিয়ে বিভিন্ন সমস্যা ও দুর্ভোগের কথা তার কাছে তুলে ধরেন। অভিযোগগুলো মনোযোগ দিয়ে শোনার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
রোগী ও সেবাগ্রহীতাদের অভিযোগের মধ্যে চিকিৎসক ও জনবল সংকট এবং হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশের বিষয়গুলো উঠে আসে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তিন সিনিয়র সেবিকা রিনা রানী বিশ্বাস, সুস্মিতা কীর্তনীয়া ও শামীমা আক্তারকে অন্যত্র বদলির নির্দেশনা দেন মন্ত্রী।
এদিকে হাসপাতালে ওষুধের ঘাটতির বিষয়টি জানতে পেরে ইডিসিএলের ব্যবস্থাপনা পরিচালককে ফোন করেন সরদার মো. সাখাওয়াত হোসেন। দ্রুত ওষুধের সংকট কাটাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
বিজ্ঞাপন
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কোনো ধরনের অবহেলা ও অনিয়ম সহ্য করা হবে না।
জনবল সংকট নিরসনে সরকারের উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, জনবল ঘাটতি পূরণে আমরা ইতোমধ্যে নতুন জনবল নিয়োগের ব্যবস্থা করছি। অচিরেই সারা দেশে স্বাস্থ্য খাতের জনবল সংকট পূরণ করে জনগণকে গ্রামাঞ্চলেই উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।
উপজেলা পর্যায়ে কিডনি চিকিৎসার সুযোগ বাড়ানোর পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, আগামীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ১০টি করে কিডনি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ব্যবস্থা করা হবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
দেশের জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে নিয়মিত পরিদর্শনের উদ্দেশ্য তুলে ধরে তিনি বলেন, স্বাস্থ্য খাতের বিভিন্ন সমস্যা চিহ্নিত ও সমাধানের লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলো পরিদর্শন করা হচ্ছে। আমাদের লক্ষ্য সারা দেশে জনগণের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। সে লক্ষ্যেই বিভিন্ন পর্যায়ের হাসপাতাল পরিদর্শন করে স্বাস্থ্য খাতের নানাবিধ সমস্যা উদ্ঘাটন ও সমাধানের চেষ্টা করছি।
বিজ্ঞাপন
পরিদর্শন শেষে স্বাস্থ্য খাতের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।
এ সময় ফরিদপুরের জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, সদরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমিনুর রহমান সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন, সদরপুর থানার অফিসার ইনচার্জ মো. আবদুল্লাহ আল মামুন শাহ, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজ্জামান বদু, সদস্যসচিব তরিকুল ইসলাম কবির মোল্যাসহ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।








