Logo

ডেঙ্গুতে এক দিনে আরও ৫ জনের মৃত্যু

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:০৩
ডেঙ্গুতে এক দিনে আরও ৫ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭ জনে।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ১১০ জন ভর্তি হয়েছেন। একই সময়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় দুজন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৩৮ হাজার ২৭০ জন। এর মধ্যে মারা গেছেন ১০৭ জন।

মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। সেখানে ডেঙ্গুতে ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া খুলনা বিভাগে ২০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৫ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন, বরিশালে ৯ জন এবং চট্টগ্রামে সাতজন মারা গেছেন।

বিজ্ঞাপন

এ ছাড়া রাজশাহী বিভাগে চারজন, ঢাকা দুই সিটি করপোরেশনের বাইরে বিভাগের অন্যান্য এলাকায় তিনজন এবং রংপুর ও সিলেটে একজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ১৪১ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৩৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে জেলার অন্যান্য এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন আরও ২৯৮ জন।

বিজ্ঞাপন

বিভাগভিত্তিক হিসাবে, বরিশালে ১২১ জন, চট্টগ্রামে ১৩৯ জন, খুলনায় ২৪৬ জন, ময়মনসিংহে ৮৭ জন, রাজশাহীতে ১১৪ জন, রংপুরে ৩৪ জন এবং সিলেটে পাঁচজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরে মাসভিত্তিক হিসাবে আগস্টে ডেঙ্গুর সংক্রমণ ছিল সবচেয়ে বেশি। ওই মাসে ২০ হাজার ৫৩৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে সর্বোচ্চ ৪৩ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে দেশে ডেঙ্গুর প্রকোপ ছিল সবচেয়ে ভয়াবহ। ওই বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হন। একই বছরে ডেঙ্গুতে সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

অন্যদিকে, গত বছর ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল প্রায় ১ লাখ ২ হাজার।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD