Logo

বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ কাল, যখন দেখা মিলবে এই দৃশ্য

profile picture
জনবাণী ডেস্ক
১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:২৫
বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ কাল, যখন দেখা মিলবে এই দৃশ্য
ফাইল ছবি

চলতি বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। জ্যোতির্বিজ্ঞানের এই বিরল দৃশ্য ঘিরে বিশ্বজুড়ে আগ্রহ থাকলেও বাংলাদেশ থেকে তা প্রত্যক্ষ করা যাবে না।

বিজ্ঞাপন

বাংলাদেশ সময় অনুযায়ী মঙ্গলবার বিকেল ৩টা ৫৬ মিনিট ৩৬ সেকেন্ডে সূর্যগ্রহণ শুরু হবে এবং রাত ৮টা ২৭ মিনিট ৩৬ সেকেন্ডে তা শেষ হবে। রোববার (১৫ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, এই সূর্যগ্রহণ বাংলাদেশের আকাশে দৃশ্যমান হবে না। তবে বিশ্বের কয়েকটি অঞ্চলে সূর্য ও চাঁদের এই বলয়াকৃতির মিলন উপভোগ করা যাবে। এর মধ্যে রয়েছে আর্জেন্টিনা, চিলি, দক্ষিণ আফ্রিকা এবং অ্যান্টার্কটিকা।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অ্যান্টার্কটিকার চিলি পরিচালিত ইয়েলচো গবেষণা ঘাঁটি থেকে উত্তর-পশ্চিম দিকে দক্ষিণ মহাসাগরের আকাশে স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৪টা ৩৮ মিনিট ৩১ সেকেন্ডে গ্রহণের সূচনা হবে। পরে মরিশাসের ভিংট-সিনক দ্বীপের দক্ষিণ-পূর্ব দিকে ভারত মহাসাগরের আকাশে স্থানীয় সময় সকাল ৬টা ২৪ মিনিট ৩৯ সেকেন্ডে গ্রহণটির সমাপ্তি ঘটবে।

বিশেষজ্ঞদের মতে, বলয়গ্রাস সূর্যগ্রহণের সময় সূর্যের মাঝখান ঢেকে গেলেও চারপাশে উজ্জ্বল বলয়ের মতো আলো দেখা যায়, যা জ্যোতির্বিজ্ঞানের অন্যতম আকর্ষণীয় দৃশ্য হিসেবে বিবেচিত।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD