পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, দুপুর পর্যন্ত ভোট পড়েছে ৬১ শতাংশ

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ চলছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দুপুর ১টা পর্যন্ত প্রায় ৬১ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
বিজ্ঞাপন
আজকের ধাপে পশ্চিমবঙ্গের সাতটি বিভাগের ১৪২টি আসনে ভোট অনুষ্ঠিত হচ্ছে। মোট ভোটার সংখ্যা প্রায় ৩ কোটি ২১ লাখ। এই বিপুল সংখ্যক ভোটার আজ তাদের প্রতিনিধি নির্বাচনে অংশ নিচ্ছেন।
এরআগে গত ২৩ এপ্রিল প্রথম ধাপের নির্বাচন হয়। প্রথম ধাপেও প্রায় সাড়ে তিন কোটি ভোটার ছিলেন। যাদের প্রায় ৯২ শতাংশই ভোট দিয়েছিলেন।
বিজ্ঞাপন
আজ ভোট হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ও দক্ষিণ বঙ্গের গুরুত্বপূর্ণ আসনগুলোতে। এরমধ্যে হুগলিতে সর্বোচ্চ ভোটার উপস্থিতি রেকর্ড করা হয়েছে। দুপুর ১টা পর্যন্ত সেখানে ৬৪ দশমিক ৫৭ শতাংশ মানুষ ভোট দিয়েছেন। এরপর যথাক্রমে রয়েছে হাওড়া, সেখানে ভোট পড়েছে ৬০ দশমিক ৬৮ শতাংশ। কলকাতা দক্ষিণে ৫৭ দশমিক ৭৩ শতাংশ এবং নদিয়াতে ৬১ দশমিক ৪১ শতাংশ ভোটার ইতিমধ্যে ভোট দিয়েছেন।
ভোটে যেন কোনো অপ্রীতিকর ও কারচুপির ঘটনা না ঘটে সেজন্য পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটলেও পুরো নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে হচ্ছে।
এরমধ্যে ভবানিপুরে কিছুটা উত্তেজনা তৈরি হয়েছিল। সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান মুখমন্ত্রী তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি ও বিজেপির পশ্চিমবঙ্গ শাখার প্রধান শুভেন্দু অধিকারী।
বিজ্ঞাপন
শুভেন্দু অধিকারী ভবানিপুরের একটি বুথ পরিদর্শনে গেলে সেখানে তৃণমূল কংগ্রেসের সমর্থকদের সঙ্গে তার বাকবিতণ্ডা ও উত্তেজনা সৃষ্টি হয়। তিনি অভিযোগ করেন, ওই সময় তাকে ঘিরে ধরে মারধরের চেষ্টা করা হয়েছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, শুভেন্দু অধিকারীকে ঘিরে তৃণমূলের কর্মী-সমর্থকরা ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন। পাল্টা হিসেবে তিনি ‘জয় শ্রীরাম’ এবং ‘হিন্দু হিন্দু ভাই ভাই’ স্লোগান দেন। তিনি আরও অভিযোগ করেন, যারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন, তাদের তিনি বাংলাদেশি মুসলিম হিসেবে উল্লেখ করেছেন।
বিজ্ঞাপন
সূত্র : দ্য পাইওনিয়ার








