আমিরাত উপকূলে জাহাজ জব্দ, নেওয়া হচ্ছে ইরানের জলসীমার দিকে

হরমুজ প্রণালির কাছে সংযুক্ত আরব আমিরাতের উপকূল থেকে একটি জাহাজ জব্দ করেছে অজ্ঞাত ব্যক্তিরা। পরে সেটিকে ইরানের জলসীমার দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক ইউকে মেরিটাইম এজেন্সি।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৪ মে) সংস্থাটি জানায়, আমিরাতের ফুজাইরাহ উপকূল থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে নোঙর করা অবস্থায় থাকা জাহাজটি জব্দ করা হয়। এরপর সেটিকে ইরানের জলসীমার দিকে সরিয়ে নেওয়া হচ্ছে বলে তথ্য পাওয়া গেছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা বাড়তে থাকে। সর্বশেষ যুদ্ধবিরতি কার্যকরের পরও এ অঞ্চলে একাধিক জাহাজ হামলার শিকার হয়েছে।
বিজ্ঞাপন
ইরান এরই মধ্যে হরমুজ প্রণালিতে চলাচল সীমিত করে রেখেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন বন্দরের ওপর নৌ-অবরোধ আরোপ করেছে। ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
বিশ্বের মোট জ্বালানি পরিবহনের প্রায় ২০ শতাংশ একসময় হরমুজ প্রণালি দিয়ে যাতায়াত করত। যুদ্ধ শুরুর পর থেকে এই রুটে বাণিজ্যিক জাহাজ চলাচলও ঝুঁকির মুখে পড়েছে।
গত রবিবার দক্ষিণ কোরিয়া দাবি করে, হরমুজ এলাকায় তাদের একটি কার্গো জাহাজ হামলার শিকার হয়েছে। পরে কাতার জানায়, আমিরাত থেকে তাদের জলসীমার দিকে আসার সময় জাহাজটিতে ড্রোন হামলা চালানো হয়।
বিজ্ঞাপন
এদিকে দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে একটি সামরিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছিলেন। তার উদ্দেশ্য ছিল শক্তি প্রয়োগের মাধ্যমে ওই নৌপথে জাহাজ চলাচল স্বাভাবিক রাখা। তবে সৌদি আরব ও বাহরাইন নিজেদের আকাশসীমা ও সামরিক ঘাঁটি মার্কিন বাহিনীর ব্যবহারের জন্য বন্ধ করে দেওয়ায় শেষ পর্যন্ত পরিকল্পনা থেকে সরে আসতে হয় তাকে।
যদিও সে সময় ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হওয়ায় তিনি সামরিক অভিযান স্থগিত করেছেন।
বিজ্ঞাপন
সূত্র: এএফপি








