পশ্চিমবঙ্গে অনুমতি ছাড়া গরু ও মহিষ জবাই করা যাবে না: বিজেপি

ভারতের পশ্চিমবঙ্গে অনুমতি বা ফিটনেস সার্টিফিকেট ছাড়া গরু ও মহিষ জবাই করা যাবে না বলে নতুন নোটিশ জারি করেছে হিন্দুত্ববাদী বিজেপি সরকার। বৃহস্পতিবার (১৪ মে) একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সংশ্লিষ্ট নির্দেশনায় ১৯৫০ সালের বেঙ্গল আইন এবং ২০১৮ সালের কলকাতা হাইকোর্টের নির্দেশনার কথা উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
শুভেন্দু অধিকারীর সরকারের নতুন নিয়ম অনুযায়ী, সার্টিফিকেট ছাড়া গরু-মহিষ জবাই সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। এ সার্টিফিকেট প্রদান করবেন পৌরসভার প্রধান অথবা পঞ্চায়েত সমিতির সভাপতি, এবং এতে অবশ্যই সরকারি ভেটেরিনারি কর্মকর্তার স্বাক্ষর থাকতে হবে।
নির্দেশনায় বলা হয়েছে, কোনো ব্যক্তি গরু বা মহিষ জবাইয়ের অনুমতি চাইলে তাকে প্রমাণ করতে হবে যে পশুটির বয়স ১৪ বছরের বেশি এবং সেটি আর কর্মক্ষম বা প্রজনন সক্ষম নয়। এ তথ্য লিখিতভাবে জমা দিয়ে ফিটনেস সার্টিফিকেট নিতে হবে।
বিজ্ঞাপন
তবে বয়স ১৪ বছরের কম হলেও যদি কোনো পশু গুরুতর অসুস্থ হয়, চলাফেরায় অক্ষম হয়, আঘাতপ্রাপ্ত হয়, অঙ্গবিকৃতি দেখা দেয় বা অনিরাময়যোগ্য রোগে আক্রান্ত হয়—তাহলে ফিটনেস সার্টিফিকেটের ভিত্তিতে সেটি জবাইয়ের অনুমতি দেওয়া যাবে।
এছাড়া পশ্চিমবঙ্গ সরকার রাস্তার ধারের সব কসাইখানা বন্ধ করার নির্দেশ দিয়েছে। এখন থেকে শুধুমাত্র পৌরসভা বা স্থানীয় প্রশাসন নির্ধারিত কসাইখানাতেই গরু ও মহিষ জবাই করা যাবে।
নতুন নির্দেশনা অনুযায়ী, অনুমতি ছাড়া পশু জবাই করলে ১৯৫০ সালের আইনে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, এক হাজার রুপি জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।
বিজ্ঞাপন
এদিকে, পৌরসভা প্রধান বা পঞ্চায়েত সভাপতি যদি ফিটনেস সার্টিফিকেট না দেন, তাহলে সংশ্লিষ্ট পশুর মালিক বা কসাই ১৫ দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে আপিল করতে পারবেন বলে জানানো হয়েছে।








