রাতে উন্মোচন হবে নতুন আইফোন, দেখবেন যেভাবে

আজ বুধবার (৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোয় অ্যাপল পার্কে বড় পণ্য উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করছে অ্যাপল। ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’ নামের অনুষ্ঠানটি বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হওয়ার কথা। এতে নতুন আইফোনের পাশাপাশি অ্যাপলের আরও কয়েকটি প্রযুক্তিপণ্যের ঘোষণা আসতে পারে।
বিজ্ঞাপন
এবারের আয়োজনে আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্সের আত্মপ্রকাশের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি অ্যাপলের প্রথম ভাঁজযোগ্য আইফোন নিয়েও বড় ঘোষণা আসতে পারে বলে প্রযুক্তি অঙ্গনে আলোচনা চলছে। নতুন অ্যাপল ওয়াচ, এয়ারপডস এবং স্মার্ট হোমের কিছু পণ্যও অনুষ্ঠানে দেখা যেতে পারে।
অনুষ্ঠানটি অ্যাপলের জন্য বাড়তি গুরুত্ব বহন করছে। কারণ, নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জন টার্নাস দায়িত্ব নেওয়ার পর তার নেতৃত্বে এটিই হতে যাচ্ছে প্রথম বড় পণ্য উন্মোচন অনুষ্ঠান।
আইফোন ১৮ প্রো মডেলে থাকতে পারে বড় আপগ্রেড
বিজ্ঞাপন
অনুষ্ঠানের মূল আকর্ষণ হবে আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্স। নতুন পণ্য ও প্রযুক্তির বিষয়ে অ্যাপল আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য না জানালেও বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আইফোনের নতুন মডেল দুটিতে ২ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এ২০ প্রো চিপ ব্যবহার করা হতে পারে। নতুন চিপের কারণে ফোনের কর্মক্ষমতার পাশাপাশি তাপ নিয়ন্ত্রণ ও ব্যাটারি ব্যবস্থাপনায়ও উন্নতি হবে বলে ধারণা করা হচ্ছে।
আইফোনের ক্যামেরায়ও পরিবর্তন আনার গুঞ্জন রয়েছে। আইফোন ১৮ প্রো ম্যাক্সে পরিবর্তনশীল অ্যাপারচারযুক্ত ক্যামেরা যুক্ত হতে পারে। এ প্রযুক্তির মাধ্যমে ক্যামেরায় প্রবেশ করা আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করা যায়। ফলে বিভিন্ন পরিবেশে ছবি তোলার সময় আরও ভালো ফল পাওয়া যাবে। নতুন আইফোনের নকশায় বড় ধরনের পরিবর্তন না হলেও ক্যামেরা মডিউল কিছুটা বড় হতে পারে।
বাড়তে পারে নতুন আইফোনের দাম
বিজ্ঞাপন
আইফোন ১৮ সিরিজের দাম নিয়ে বেশ কয়েক সপ্তাহ ধরেই নানা ধরনের জল্পনা–কল্পনা চলছে প্রযুক্তি বিশ্বে। এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানা না গেলেও স্মার্টফোন তৈরির বিভিন্ন উপকরণ, বিশেষ করে র্যামের দাম বাড়ায় এবার নতুন আইফোনের দাম বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন পূর্বাভাস অনুযায়ী, আইফোন ১৮ প্রোর দাম ১ হাজার ১৯৯ ডলার থেকে শুরু হতে পারে।
ভাঁজযোগ্য আইফোনেই হতে পারে সবচেয়ে বড় চমক
অ্যাপলের এবারের অনুষ্ঠানে সবচেয়ে আলোচিত ঘোষণা হতে পারে প্রতিষ্ঠানটির প্রথম ফোল্ডেবল আইফোন। বিভিন্ন প্রতিবেদনে ডিভাইসটির সম্ভাব্য নাম ‘আইফোন আলট্রা’ উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
গুঞ্জন অনুযায়ী, ফোনটি বইয়ের মতো ভাঁজ করা যাবে। সম্পূর্ণ খোলা অবস্থায় এতে প্রায় ৭ দশমিক ৮ ইঞ্চির অভ্যন্তরীণ ডিসপ্লে থাকতে পারে। আর ভাঁজ করা অবস্থায় ব্যবহারের জন্য বাইরের দিকে প্রায় ৫ দশমিক ৩ ইঞ্চির একটি ডিসপ্লে থাকার কথা শোনা যাচ্ছে।
ফোল্ডেবল আইফোনটিতে এ২০ প্রো চিপের সঙ্গে ১২ গিগাবাইট মেমোরি থাকতে পারে। পেছনের ক্যামেরা সেটআপে দুটি ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা থাকার সম্ভাবনার কথা বলা হয়েছে। তবে এতে টেলিফটো ক্যামেরা নাও থাকতে পারে।
নিরাপত্তা ব্যবস্থায়ও ভিন্নতা দেখা যেতে পারে। ফেস আইডির পরিবর্তে ফোনটিতে টাচ আইডি ব্যবহারের সম্ভাবনা রয়েছে। আর দাম ২ হাজার ৫০০ ডলার পর্যন্ত হতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে পূর্বাভাস দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
নতুন অ্যাপল ওয়াচ ও এয়ারপডস
আইফোনের পাশাপাশি নতুন অ্যাপল ওয়াচও উন্মোচন করতে পারে অ্যাপল। অ্যাপল ওয়াচ সিরিজ ১২-এ বড় ধরনের নকশাগত পরিবর্তনের বদলে স্বাস্থ্যসুবিধা ও সেন্সরে উন্নতি আনার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, অ্যাপল ওয়াচ আলট্রা ৪-এর নকশায় পরিবর্তন আসতে পারে। অনুষ্ঠানে দেখা মিলতে পারে এয়ারপডস ৫। এয়ারপডসটিতে হৃৎস্পন্দন পরিমাপের সুবিধা যুক্ত হতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।
অনলাইনে সরাসরি অনুষ্ঠান দেখা যাবে যেভাবে
বিজ্ঞাপন
অনুষ্ঠানে শুধু আমন্ত্রিত অতিথিরা সরাসরি অংশ নেবেন। তবে বিশ্বজুড়ে অ্যাপলপ্রেমীদের জন্য অ্যাপলের ওয়েবসাইটে (apple.com) অনুষ্ঠানটি অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছে অ্যাপল। ওয়েবসাইটের পাশাপাশি অ্যাপলের ইউটিউব চ্যানেল (https://www.youtube.com/user/apple) ও অ্যাপল টিভি অ্যাপের মাধ্যমেও অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া








