মহাকাশে ধরা পড়ল তারার শেষ হৃৎস্পন্দন, বিস্মিত বিজ্ঞানীরা

সূর্যের মতো তারারও একসময় জীবনের অবসান ঘটে। বড় তারার মতো সুপারনোভা বিস্ফোরণে নয়, বরং তুলনামূলক শান্ত প্রক্রিয়ায় শেষ হয় তাদের জীবন। তবে মৃত্যুর আগে এসব তারার ভেতরেও ঘটে তীব্র পারমাণবিক সক্রিয়তা। এবার প্রথমবারের মতো এমন এক মৃতপ্রায় তারার শেষ পারমাণবিক স্পন্দনের সরাসরি প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা।
বিজ্ঞাপন
উত্তর চিলিতে অবস্থিত বিশ্বের অন্যতম বৃহৎ রেডিও টেলিস্কোপ অ্যালমা (আটাকামা লার্জ মিলিমিটার/সাবমিলিমিটার অ্যারে) দিয়ে পর্যবেক্ষণের সময় এ চিত্র ধরা পড়ে। বিজ্ঞানভিত্তিক সংবাদমাধ্যম স্পেস ডটকমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গবেষণাটির নেতৃত্ব দিয়েছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির (জেপিএল) গবেষক রাঘবেন্দ্র সাহাই। তিনি বলেন, এতদিন বিজ্ঞানীরা তাত্ত্বিক মডেলের মাধ্যমে এ ধরনের ঘটনার ধারণা পেয়েছিলেন। এবার গ্যাসের মধ্যে সংরক্ষিত একটি তারার শেষ পারমাণবিক স্পন্দনের বাস্তব চিত্র পাওয়া গেছে।
যেভাবে শেষ হয় সূর্যের মতো তারার জীবন
সূর্যের মতো তারার মৃত্যুর প্রক্রিয়া শুরু হয় যখন এর কেন্দ্রে থাকা হাইড্রোজেন জ্বালানি ফুরিয়ে আসে। ফলে হাইড্রোজেন থেকে হিলিয়াম তৈরির পারমাণবিক ফিউশন প্রক্রিয়া ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। এই ফিউশনই তারার শক্তি উৎপাদনের প্রধান উৎস।
শক্তি উৎপাদন কমে গেলে মহাকর্ষের টান সামলানোর মতো অভ্যন্তরীণ চাপ আর থাকে না। তখন তারার কেন্দ্র সংকুচিত হতে শুরু করে। একপর্যায়ে সেখানে তৈরি হয় শ্বেত বামন বা হোয়াইট ডোয়ার্ফ। অন্যদিকে বাইরের স্তরগুলো প্রসারিত হয়ে তারাটিকে বিশাল আকার দেয়। এ অবস্থাকে বলা হয় লোহিত দানব বা রেড জায়ান্ট দশা।
পরবর্তী সময়ে তারার বাইরের স্তরগুলো শীতল হয়ে মহাকাশে ছড়িয়ে পড়ে। মাঝখানে থেকে যায় শ্বেত বামন। ছড়িয়ে পড়া গ্যাস ও ধূলিকণা মিলে তৈরি হয় প্ল্যানেটারি নেবুলা।
লোহিত দানব দশায় তারার ভেতরে মাঝেমধ্যে তীব্র পারমাণবিক সক্রিয়তা দেখা দেয়। এসব ঘটনাকে বলা হয় ‘থার্মাল পালস’ বা তাপীয় স্পন্দন। এ সময় তারার উপাদান বিস্ফোরণের মতো করে মহাকাশে ছিটকে বেরিয়ে আসে।
১২ হাজার আলোকবর্ষ দূরের তারায় মিলল প্রমাণ
তারার জীবনের শেষ পর্যায় আরও ভালোভাবে বুঝতে গবেষকরা অ্যালমা টেলিস্কোপ দিয়ে ‘আইআরএএস ০৬৫৩০-০২১৩’ নামের একটি তারা পর্যবেক্ষণ করেন। মনোসেরস নক্ষত্রমণ্ডলে অবস্থিত তারাটির দূরত্ব পৃথিবী থেকে প্রায় ১২ হাজার আলোকবর্ষ।
পর্যবেক্ষণে তারাটিকে ঘিরে গ্যাসের বিশাল একটি বলয় দেখা যায়। গবেষকদের ধারণা, এটি তারাটির সর্বশেষ তাপীয় পারমাণবিক বিস্ফোরণের অবশিষ্ট চিহ্ন। বলয়টি বালিঘড়ির মতো আকৃতির একটি গঠনরত প্ল্যানেটারি নেবুলাকে ঘিরে রয়েছে।
গবেষক সাহাই বলেন, সাধারণত আমরা তারাকে আকাশে আলোর স্থিরবিন্দু হিসেবে দেখি। কিন্তু এই পর্যবেক্ষণে তারার মৃত্যুর একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ধরা পড়েছে। একটি ফুলে ওঠা লোহিত দানব তারা কীভাবে উজ্জ্বল প্ল্যানেটারি নেবুলায় পরিণত হচ্ছে, তার চিত্র পাওয়া গেছে।
গবেষকদের হিসাব অনুযায়ী, তারাটির চারপাশের গ্যাসের খোলসটি প্রায় অর্ধেক আলোকবর্ষজুড়ে বিস্তৃত। প্রায় ৬ হাজার ৫০০ বছর আগে গ্যাসগুলো মহাকাশে ছড়িয়ে পড়েছিল।
পর্যবেক্ষণে আরও জানা গেছে, ওই বিস্ফোরণের পর প্রায় ২ হাজার বছর ধরে তারাটি ধীরগতিতে ভর হারিয়েছে। এরপর পরবর্তী ১ হাজার বছরে ভর হারানোর গতি অনেক বেড়ে যায়।
গ্যাসের তন্তুগুলোর সর্পিল আকৃতি দেখে বিজ্ঞানীরা ধারণা করছেন, তারাটির কাছাকাছি কোনো সঙ্গী তারা থাকতে পারে। সেটি গ্যাসের প্রবাহকে প্রভাবিত করছে। অন্যদিকে, তারাটির একেবারে কাছের বালিঘড়ি আকৃতির নেবুলাটি তৈরি হতে শুরু করেছে প্রায় ৭০০ বছর আগে। অর্থাৎ মহাজাগতিক সময়ের হিসাবে খুব সম্প্রতি তারাটির লোহিত দানব দশার অবসান হয়েছে।
প্রচলিত তত্ত্বের সঙ্গে মিলছে না কিছু তথ্য
অ্যালমার পর্যবেক্ষণে তারাটির চারপাশে আরও কিছু অপ্রত্যাশিত বৈশিষ্ট্য পাওয়া গেছে। সেখানে কার্বন, অক্সিজেন ও নাইট্রোজেনের বিভিন্ন ভারী আইসোটোপের উপস্থিতি শনাক্ত করেছেন গবেষকরা।
এসব উপাদানের পরিমাণ প্রচলিত তাত্ত্বিক মডেলের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। সূর্যের মতো তারাগুলো কীভাবে বিভিন্ন মৌল তৈরি করে এবং সেগুলো মহাকাশে ছড়িয়ে দেয়, প্রচলিত মডেলে তার যে ব্যাখ্যা রয়েছে, পর্যবেক্ষণের ফলের সঙ্গে তার কিছু অমিল দেখা গেছে।
আরেকটি বিষয় গবেষকদের নজরে এসেছে। তারাটির চারপাশে তারা ধূলিকণার কোনো ঘন চাকতি খুঁজে পাননি। এর আগে একই ধরনের মৃতপ্রায় তারার আশপাশে এমন চাকতি ও সঙ্গী তারার উপস্থিতি দেখা গেছে।
বিজ্ঞানীদের ধারণা, সঙ্গী তারা মৃতপ্রায় মূল তারা থেকে গ্যাস ও অন্যান্য উপাদান টেনে নিতে পারে। এ প্রক্রিয়ায় ধূলিকণার চাকতি তৈরি হয়। সঙ্গী তারার প্রভাবে উৎপন্ন উচ্চগতির জেট বা পদার্থের প্রবাহ তারার চারপাশের গ্যাসকে বিশেষ আকৃতি দিতে পারে। এভাবেই বালিঘড়ির মতো নেবুলা তৈরির ব্যাখ্যা দিয়ে আসছিলেন বিজ্ঞানীরা।
গবেষকদের ধারণা, পর্যবেক্ষণ করা তারাটির চারপাশেও আগে এমন একটি চাকতি থাকতে পারে। তবে সেটি অল্প সময়ের জন্য টিকে ছিল। ওই সময় চাকতি থেকে উচ্চগতির জেটের সংক্ষিপ্ত প্রবাহ তৈরি হয়ে বালিঘড়ির মতো নেবুলার আকৃতি গড়ে তোলে। পরে চাকতিটি বিলীন হয়ে যায়।
নতুন এই পর্যবেক্ষণ সূর্যের মতো তারার জীবনের শেষ পর্যায়ের পারমাণবিক সক্রিয়তা ও মহাকাশে মৌল ছড়িয়ে পড়ার প্রক্রিয়া বুঝতে বিজ্ঞানীদের সামনে নতুন সুযোগ তৈরি করেছে।








