২০২৯ সালে বন্ধ হচ্ছে টু জি, বাটন ফোন ব্যবহারকারীদের কী হবে?

বাংলাদেশে আগামী ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে পুরোপুরি বন্ধ হতে যাচ্ছে দ্বিতীয় প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক বা টু জি (2G) সেবা। এ লক্ষ্যে ধাপে ধাপে কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। তবে টু জি বন্ধের সিদ্ধান্তে দেশের কয়েক কোটি বাটন ফোন ব্যবহারকারীর মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে, নেটওয়ার্ক বন্ধ হলে এসব ফোন আর ব্যবহার করা যাবে কি না।
বিজ্ঞাপন
বিটিআরসির হিসাব অনুযায়ী, দেশে প্রায় ৬ কোটি ১৩ লাখ সিম ব্যবহারকারী টু জি সমর্থিত হ্যান্ডসেট ব্যবহার করছেন। এসব ফোনের বড় একটি অংশে ভয়েস ওভার লং-টার্ম ইভোল্যুশন (ভোল্টি) প্রযুক্তি নেই। ফলে টু জি সেবা বন্ধ হলে এসব হ্যান্ডসেটে প্রচলিত পদ্ধতিতে ভয়েস কল করা সম্ভব হবে না।
মোবাইল অপারেটরদের তথ্য অনুযায়ী, টু জি নেটওয়ার্ক বন্ধ হওয়ার পর ভয়েস কলের জন্য ভোল্টি প্রযুক্তির ওপর নির্ভর করতে হবে। গত অক্টোবর মাসে মোবাইল অপারেটর ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় ২০২৯ সালের মধ্যে টু জি সেবা বন্ধের পরিকল্পনা তুলে ধরে বিটিআরসি।
যেভাবে বন্ধ হবে টু জি সেবা
বিটিআরসির পরিকল্পনা অনুযায়ী, টু জি প্রযুক্তির নতুন হ্যান্ডসেট বাজারে আসা বন্ধ করতে কয়েকটি ধাপে ব্যবস্থা নেওয়া হবে।
• ২০২৬ সালের ডিসেম্বরের পর নতুন কোনো টু জি ফোন মডেলের অনুমোদন দেওয়া হবে না।
• ২০২৭ সালের ৩১ মার্চের পর টু জি ফোন উৎপাদন বন্ধ করা হবে।
• ২০২৭ সালের জুনের পর এসব ফোনের বিক্রি বন্ধ করা হবে।
• ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে গ্রাহক পর্যায়ে টু জি সেবা পুরোপুরি বন্ধ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
টু জি বন্ধ হলে কি সব বাটন ফোন অচল হয়ে যাবে?
এর উত্তর হলো, না। টু জি নেটওয়ার্ক বন্ধ হলেও সব বাটন ফোন অচল হবে না। যেসব বাটন ফোনে ফোর জি নেটওয়ার্ক ও ভোল্টি প্রযুক্তি সমর্থন করে, সেগুলো ব্যবহার করা যাবে। তবে শুধু টু জি নেটওয়ার্কে চলতে সক্ষম এবং ভোল্টি সুবিধাবিহীন ফোনগুলো নেটওয়ার্ক বন্ধের পর আর স্বাভাবিকভাবে কল করতে পারবে না।
ভোল্টি প্রযুক্তিতে টু জি বা থ্রি জির মতো সার্কিট-সুইচড পদ্ধতির পরিবর্তে ফোর জি বা এলটিই ডেটা নেটওয়ার্ক ব্যবহার করে ভয়েস কল করা হয়। ফলে এ প্রযুক্তির মাধ্যমে ইন্টারনেট ডেটা নেটওয়ার্ক ব্যবহার করেই সরাসরি মোবাইল নম্বরে কথা বলা সম্ভব।
টু জি বন্ধের পর কীভাবে কল করবেন গ্রাহকেরা?
গ্রামীণফোনের প্রধান করপোরেট অ্যাফেয়ার্স কর্মকর্তা তানভীর মোহাম্মদ জানিয়েছেন, গ্রাহকদের মধ্যে ইতোমধ্যে হোয়াটসঅ্যাপের মতো ওটিটি অ্যাপ ব্যবহার করে কল করার প্রবণতা বাড়ছে। পাশাপাশি ভোল্টি প্রযুক্তির ব্যবহারও ধীরে ধীরে বাড়ছে।
তিনি বলেন, টু জি সেবা বন্ধ হয়ে গেলেও গ্রাহকেরা কল করতে পারবেন। এ ক্ষেত্রে ওটিটি অ্যাপ অথবা ভোল্টি প্রযুক্তি ব্যবহার করা যাবে।
বাটন ফোনের ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাইলে তানভীর মোহাম্মদ জানান, বাজারে ইতোমধ্যে এমন কিছু ফোর জি হ্যান্ডসেট রয়েছে, যেগুলো শুধু ভোল্টি প্রযুক্তি ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়েছে।
টেলিযোগাযোগ খাতসংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, টু জি নেটওয়ার্ক বন্ধ হলে শুধু ওই প্রযুক্তিনির্ভর পুরোনো ফোনগুলোই কার্যকারিতা হারাবে। কারণ, এসব ফোন পরিচালনার জন্য প্রয়োজনীয় নেটওয়ার্ক আর চালু থাকবে না।
অর্থাৎ, বাটন ফোনের ব্যবহার পুরোপুরি বন্ধ হচ্ছে না। তবে ভবিষ্যতে বাটন ফোন কিনতে হলে ফোর জি ও ভোল্টি প্রযুক্তি সমর্থন করে কি না, তা যাচাই করা জরুরি। বিশেষ করে যারা শুধু কথা বলার জন্য সাধারণ বাটন ফোন ব্যবহার করেন, তাদের এখন থেকেই প্রযুক্তিগত সক্ষমতার বিষয়টি বিবেচনায় রাখা প্রয়োজন।








