দিল্লির দূষণে লালকেল্লার দেয়ালে কালো আস্তরণ

ভারতের রাজধানী দিল্লির মারাত্মক বায়ুদূষণ এবার মুঘল আমলের অন্যতম ঐতিহাসিক স্থাপনা লালকেল্লার সৌন্দর্য নষ্ট করছে। গবেষণায় দেখা গেছে, বাতাসে থাকা ধূলিকণা ও রাসায়নিক দূষক উপাদান মিলিত হয়ে দুর্গের লাল বেলেপাথরের গায়ে কালো স্তর তৈরি করেছে।
বিজ্ঞাপন
২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে ভারত ও ইতালির একদল গবেষক এই বিষয়ে অনুসন্ধান চালান। তাদের সংগৃহীত তথ্য বলছে, দেয়ালে যে কালো আস্তরণ জমছে তার পুরুত্ব ০.০৫ থেকে ০.৫ মিলিমিটার পর্যন্ত। সময়মতো ব্যবস্থা না নিলে দুর্গের সূক্ষ্ম নকশা ও খোদাই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় থাকা দিল্লি প্রায়ই শিরোনামে আসে এর ভয়াবহ দূষণের কারণে, বিশেষত শীতকালে। বিশেষজ্ঞরা আগেই সতর্ক করেছিলেন—বায়ুদূষণ ভারতের অনেক ঐতিহাসিক স্থাপনার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, সম্রাট শাহজাহান ১৭ শতকে লালকেল্লা নির্মাণ করেছিলেন। স্বাধীনতার পর ১৯৪৭ সালের ১৬ আগস্ট এখানেই ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু জাতীয় পতাকা উত্তোলন করেন। তারপর থেকে স্বাধীনতা দিবসে এই দুর্গের প্রাচীর থেকেই প্রধানমন্ত্রীরা জাতির উদ্দেশে ভাষণ দিয়ে আসছেন।
গবেষণাপত্রে বলা হয়েছে, বাতাসে থাকা পিএম ২.৫ ও পিএম ১০ ধূলিকণাই মূলত দেয়ালে জমে এই কালো স্তর তৈরি করছে। শুরুতে পাতলা আস্তরণ সহজে সরানো গেলেও সময়ের সঙ্গে তা আরও শক্ত হয়ে স্থায়ী ক্ষতির ঝুঁকি বাড়ায়।
বিজ্ঞাপন
গবেষকদের পরামর্শ, দ্রুত সংরক্ষণমূলক পদক্ষেপ নেওয়া দরকার। বিশেষ সুরক্ষা উপাদান বা সিলান্ট ব্যবহার করলে এ ধরনের ক্ষয়রোধ অনেকটাই সম্ভব হতে পারে।








