ভেনেজুয়েলায় মার্কিন অভিযান: এখন পর্যন্ত যা জানা গেছে

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন সামরিক অভিযানের পর আন্তর্জাতিক রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া এবং এর পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে ধীরে ধীরে নতুন তথ্য সামনে আসছে।
বিজ্ঞাপন
এখন পর্যন্ত পাওয়া গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হলো:-
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার রাতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে বহনকারী বিমানটি নিউইয়র্কের স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড বেসে অবতরণ করে। মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সেখান থেকে তাঁদের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে (এমডিসি) নেওয়া হয়।
এই কারাগারটি উচ্চ-প্রোফাইল বন্দিদের রাখার জন্য পরিচিত। অতীতে এখানে জেফরি এপস্টাইনের সহযোগী ঘিসলেইন ম্যাক্সওয়েল এবং জনপ্রিয় র্যাপার শন ‘ডিডি’ কম্বসের মতো আলোচিত ব্যক্তিদের রাখা হয়েছে।
বিজ্ঞাপন
মাদুরোর অনুপস্থিতিতে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট দেশটির ভাইস-প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছে। আদালতের ভাষ্য অনুযায়ী, রাষ্ট্রীয় প্রশাসনের ধারাবাহিকতা বজায় রাখা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার রাতে সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, ভেনেজুয়েলার ভবিষ্যৎ এখন যুক্তরাষ্ট্র নির্ধারিত শর্তের মধ্যেই এগোবে। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘অ্যাকশনের প্রেসিডেন্ট’ হিসেবে উল্লেখ করে অভিযানের সিদ্ধান্তের প্রশংসা করেন।
বিজ্ঞাপন
এদিকে হামলার পর ক্যারিবীয় অঞ্চলের আকাশসীমায় যে সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, তা মার্কিন ইস্টার্ন টাইম অনুযায়ী দুপুর ১২টা থেকে প্রত্যাহার করা হবে বলেও জানানো হয়েছে।
মাদুরো আটক হওয়ার ঘটনায় বিশ্বনেতাদের প্রতিক্রিয়া বিভক্ত। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, মাদুরো শাসনের অবসান নিয়ে যুক্তরাজ্যের কোনো অনুশোচনা নেই। তিনি ভেনেজুয়েলায় একটি নিরাপদ ও শান্তিপূর্ণ রাজনৈতিক রূপান্তরের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবেন বলে জানান।
বিজ্ঞাপন
অন্যদিকে, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা এই অভিযানকে ‘অগ্রহণযোগ্য সীমা লঙ্ঘন’ বলে মন্তব্য করেছেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এ ঘটনার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন।








