চলন্ত গাড়ির ওপর ধসে পড়লো মেট্রোরেলের পিলার, নিহত ১

ভারতের মুম্বাই শহরে নির্মাণাধীন মেট্রো রেললাইনের একটি পিলারের অংশ ধসে এক ব্যক্তি নিহত এবং তিনজন আহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে মুলুন্ড (পশ্চিম) এলাকার এলবিএস-এ এই দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
মুম্বাই ফায়ার ব্রিগেড জানিয়েছে, মেট্রো লাইন–৪-এর নির্মাণাধীন ভায়াডাক্টের একটি প্যারাপেট সেগমেন্টের কংক্রিটের অংশ (প্রায় ৬ ফুট × ৪ ফুট) ভেঙে একটি চলন্ত অটোরিকশা ও একটি গাড়ির ওপর পড়ে।
আরও পড়ুন: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ভানুয়াতু
আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে রামধন যাদব নামে একজনকে মৃত ঘোষণা করা হয়। আহতদের মধ্যে রাজকুমার ইন্দ্রজিৎ যাদব (৪৫) নামে একজন আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। এছাড়া মহেন্দ্র প্রতাপ যাদব (৫২) ও দীপা রুহিয়া (৪০) নামে আরও দুইজনের অবস্থা স্থিতিশীল রয়েছে।
বিজ্ঞাপন
ঘটনার পর ফায়ার ব্রিগেড, পুলিশ, মেট্রো কর্তৃপক্ষ, ওয়ার্ড প্রশাসন ও ১০৮ অ্যাম্বুলেন্স সেবার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। এলাকা ঘিরে ফেলা হয় এবং ব্যস্ত এলবিএস রোডে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।
মুলুন্ডের বিধায়ক মিহির কোটেচা ঘটনার তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়ে বলেন, প্যারাপেট সেগমেন্টটি মাত্র একদিন আগে স্থাপন করা হয়েছিল এবং ওই অংশটি ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা উচিত ছিল। এটি অবহেলার ইঙ্গিত দেয়।
বিজ্ঞাপন
শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে অবকাঠামো প্রকল্পে নিরাপত্তার ঘাটতি নিয়ে সরকারের সমালোচনা করেছেন এবং সংশ্লিষ্ট ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করা হবে কি না, তা প্রশ্ন তোলেন।
কর্মকর্তারা জানিয়েছেন, পিলার ধসের কারণ নির্ধারণে তদন্ত শুরু হয়েছে।








