Logo

ইরানে ‘গুণ্ডামি’ চালাচ্ছে যুক্তরাষ্ট্র: উত্তর কোরিয়া

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১ মার্চ, ২০২৬, ১৭:৩৩
ইরানে ‘গুণ্ডামি’ চালাচ্ছে যুক্তরাষ্ট্র: উত্তর কোরিয়া
ছবি: সংগৃহীত

ইরানে ইসরায়েলের হামলা এবং যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ ঘটনাকে “অবৈধ আগ্রাসন” আখ্যা দিয়ে বলেছে, এটি ইরানের জাতীয় সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন। রোববার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এ তথ্য প্রকাশ করে।

বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ ছিল প্রত্যাশিত। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী ও গুণ্ডামিসুলভ আচরণের কারণে এমন পরিস্থিতি অনিবার্য হয়ে উঠেছে।

বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই “আগ্রাসনের যুদ্ধ” কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে সংশ্লিষ্ট দেশগুলো এবং অভিন্ন স্বার্থসম্পন্ন রাষ্ট্রগুলোর দায়িত্বশীল ভূমিকা নেওয়া উচিত।

এদিকে, ইসরায়েলি বাহিনী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তেহরানে বড় পরিসরে সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, রাজধানী তেহরানে নতুন করে আরও ব্যাপক হামলা চালানো হচ্ছে।

বিজ্ঞাপন

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে অস্থিতিশীলতা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও স্থাপনায় হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। এতে সংযুক্ত আরব আমিরাত ও কাতার–এ হতাহতের খবর পাওয়া গেছে।

অন্যদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে পাঠানো বার্তায় খামেনির মৃত্যুকে “নৃশংস হত্যাকাণ্ড” হিসেবে বর্ণনা করেছেন। রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস নিউজ এজেন্সি জানিয়েছে, পুতিন এ ঘটনাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে উল্লেখ করেছেন।

বিজ্ঞাপন

সূত্র: এএফপি, রয়টার্স

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD