বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হওয়ার শঙ্কা

ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার প্রভাব পড়তে পারে বৈশ্বিক জ্বালানি বাজারে। এর জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম হঠাৎ করে আকাশচুম্বী হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
প্রখ্যাত জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান রাইস্ট্যাড এনার্জি এক বিশ্লেষণে জানিয়েছে, সোমবার (২ মার্চ) বাজার খোলার পরপরই প্রতি ব্যারেল তেলের দাম অন্তত ২০ ডলার পর্যন্ত বাড়তে পারে।
রাইস্ট্যাড এনার্জির মতে, এই মূল্যবৃদ্ধির প্রধান কারণ হলো হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে যাওয়া।
বিজ্ঞাপন
প্রতিদিন প্রায় ১ কোটি ৫০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল এই রুট দিয়ে বিশ্ববাজারে ঢুকত যা বর্তমানে থমকে আছে। মধ্যপ্রাচ্যে তেলের বিকল্প অবকাঠামো ব্যবহার করা হলেও শেষ পর্যন্ত বাজারে প্রতিদিন ৮০ লাখ থেকে ১ কোটি ব্যারেল তেলের নিট ঘাটতি থেকে যাবে।
সংস্থাটি তাদের প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করেছে যে,যদি রোববার (১ মার্চ) বিকেলের মধ্যে পরিস্থিতির উন্নতির কোনো বিশ্বাসযোগ্য সংকেত না পাওয়া যায়, তবে সোমবার (২ মার্চ) সকালে বাজার খোলার সাথে সাথেই তেলের দাম এক লাফে বিশাল উচ্চতায় পৌঁছাবে। বর্তমান পরিস্থিতিতে উত্তেজনা কমার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না।
বিজ্ঞাপন
বিশ্লেষকদের মতে, তেলের দাম ব্যারেলপ্রতি ২০ ডলার পর্যন্ত বেড়ে গেলে বিশ্বজুড়ে পরিবহন ব্যয় বাড়বে, যার প্রভাব পড়বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে। এতে নতুন করে বৈশ্বিক মুদ্রাস্ফীতির চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।








