পাকিস্তানে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল যুক্তরাষ্ট্র

পাকিস্তানের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে দেশটিতে সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছে যুক্তরাষ্ট্র। ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাস এক ঘোষণায় জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত সাক্ষাৎকার ও অ্যাপয়েন্টমেন্ট স্থগিত থাকবে।
বিজ্ঞাপন
দূতাবাসের তথ্য অনুযায়ী, এই সিদ্ধান্ত শুধু ইসলামাবাদেই নয়, লাহোর ও করাচিতে থাকা মার্কিন কনস্যুলেটগুলোতেও প্রযোজ্য হবে। আগামী শুক্রবার (৬ মার্চ) পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে।
এর আগে রোববার (১ মার্চ) করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১০ জন নিহত হন। মার্কিন-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হয়েছেন—এমন খবরে ওই বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
বিজ্ঞাপন
অন্যদিকে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে প্রথম প্রাণহানির ঘটনাও ঘটেছে। কুয়েতের একটি বেসামরিক বন্দরে স্থাপিত অস্থায়ী মার্কিন অপারেশন সেন্টারে ইরানের সরাসরি ক্ষেপণাস্ত্র হামলায় ছয় মার্কিন সেনা নিহত হয়েছেন। সোমবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
সূত্র : আল জাজিরা








