Logo

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের ফোনালাপ, কী কথা হলো

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৭ মার্চ, ২০২৬, ১২:৩৮
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের ফোনালাপ, কী কথা হলো
ছবি: সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলার পর ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েল সংঘাত নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক বিবৃতিতে তিনি ইরানে চলমান যুদ্ধ ও সহিংসতা দ্রুত বন্ধ করার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কূটনৈতিক আলোচনার পথে ফিরে আসার আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার বাংলাদেশ সময় রাত প্রায় ৩টার দিকে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন পুতিন। ওই ফোনালাপে রুশ প্রেসিডেন্ট ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। এ সময় প্রেসিডেন্ট পেজেশকিয়ানও চলমান যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে পুতিনকে বিস্তারিত অবহিত করেন এবং সাম্প্রতিক বিভিন্ন ঘটনার তথ্য তুলে ধরেন।

তাদের ফোনালাপের কিছু সময় পর একটি বিবৃতি দেওয়া হয় রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন থেকে। সেই বিবৃতিতে বলা হয়, “রাশিয়া জরুরিভিত্তিতে ইরানে যাবতীয় সহিংসতা বন্ধের আহ্বান জানাচ্ছে। সেই সঙ্গে ইরান ও মধ্যপ্রাচ্য ঘিরে বিদ্যমান সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে বলপ্রয়োগের কৌশল ত্যাগ করে রাজনীতি ও কূটনীতির পথে ফিরে আসার ব্যাপারে রাশিয়া তার অবস্থান পুনর্ব্যক্ত করছে।”

বিজ্ঞাপন

বিবৃতিতে আরও বলা হয়, ইরান এবং মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে প্রেসিডেন্ট পুতিন নিয়মিত যোগাযোগ রাখছেন এবং পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপে ইরানের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আত্মমর্যাদা রক্ষার এই লড়াইয়ে পূর্ণ সংহতি জানিয়েছেন।

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ।

বিজ্ঞাপন

এর ঠিক একদিন পর, ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ নামে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্রের বাহিনী। একই সময়ে যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েলও ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে পৃথক সামরিক অভিযান শুরু করে।

এই হামলার জবাবে ইরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থানরত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে একাধিকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চলমান এই যুদ্ধে ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD