Logo

আবারও আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করলো ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৮ মার্চ, ২০২৬, ১২:২৮
আবারও আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করলো ইরান
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান থেকে সংযুক্ত আরব আমিরাতের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আমিরাত সরকার। দেশটির দাবি, তাদের শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে ইরান থেকে আগত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হুমকির জবাব দিচ্ছে।

এদিকে ইরানের রাজধানী তেহরানে তেলের মজুত রাখার কয়েকটি কমপ্লেক্সে হামলার খবর নিশ্চিত করেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ)। ভয়াবহ বিস্ফোরণের পর তেহরানের আকাশে ব্যাপক কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। খবর বিবিসির।

বিজ্ঞাপন

আইডিএফ বলছে, এটি জ্বালানি সংরক্ষণ ট্যাংকগুলোর ওপর চালানো একটি ‘উল্লেখযোগ্য হামলা’। তাদের দাবি, ইরানের শাসকগোষ্ঠী এসব জ্বালানি ট্যাংক সরাসরি ও নিয়মিতভাবে সামরিক অবকাঠামো পরিচালনার কাজে ব্যবহার করে।

অপরদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৈরুতের একটি হোটেলে ইসরায়েলি হামলায় চারজন নিহত এবং আরও অন্তত ১০ জন আহত হয়েছে।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ওই হোটেলটিতে দক্ষিণ লেবানন এবং বৈরুতের দক্ষিণ উপশহর থেকে যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হয়ে আসা বহু মানুষ আশ্রয় নিয়েছিলেন। হামলার সময় ভবনের ভেতরে থাকা অনেকেই আহত হন এবং ঘটনাস্থলে ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে একের পর এক হামলা ও পাল্টা হামলার ঘটনায় পুরো অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বেড়ে গেছে। বিশ্লেষকদের মতে, ইরান, ইসরায়েল এবং তাদের মিত্র দেশগুলোর মধ্যে এই সংঘাত দ্রুতই বড় আকারের আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD