Logo

যুক্তরাষ্ট্রের কয়েকজন সেনাকে আটক করা হয়েছে: ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৮ মার্চ, ২০২৬, ১২:৫৩
যুক্তরাষ্ট্রের কয়েকজন সেনাকে আটক করা হয়েছে: ইরান
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের কয়েকজন সেনাকে আটক করা হয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মহাসচিব আলি লারিজানি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ সময় রবিবার দেওয়া ওই বিবৃতিতে তিনি বলেন, যুদ্ধ শুরুর প্রায় এক সপ্তাহের মধ্যে কয়েকজন মার্কিন সেনাকে আটক করা হয়েছে। তবে আটক হওয়া সেনাদের সংখ্যা সম্পর্কে নির্দিষ্ট কোনও তথ্য তিনি প্রকাশ করেননি।

ইরানের এই শীর্ষ কর্মকর্তা আরও জানান, যুদ্ধ শুরুর পর বিভিন্ন সামরিক পরিস্থিতির মধ্যে এসব মার্কিন সেনা আটক হয়। তবে ঠিক কোন পরিস্থিতিতে বা কীভাবে তাদের আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। কোথায় তাদের আটক রাখা হয়েছে, সেই বিষয়েও তিনি স্পষ্ট করে কিছু জানাননি।

বিজ্ঞাপন

এদিকে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সেনারা সরাসরি স্থল হামলা চালিয়েছে—এমন কোনও নির্ভরযোগ্য তথ্য এখন পর্যন্ত প্রকাশ পায়নি। ফলে কীভাবে মার্কিন সেনারা ইরানের হাতে আটক হলেন, তা নিয়ে নানা প্রশ্নও উঠছে।

বিশ্লেষকদের মতে, যদি সত্যিই মার্কিন সেনাদের আটক করা হয়ে থাকে, তবে সেটি চলমান সংঘাতের একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল ঘটনা হিসেবে বিবেচিত হবে। কারণ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা ইতোমধ্যেই চরম পর্যায়ে পৌঁছেছে এবং এই ধরনের ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

বিজ্ঞাপন

সূত্র: আলজাজিরা

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD