ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনির নাম ঘোষণা

ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা করা হয়েছে। তিনি সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দ্বিতীয় ছেলে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বাংলাদেশ সময় সোমবার রাত প্রায় সোয়া ৩টার দিকে এ তথ্য প্রকাশ করে।
বিজ্ঞাপন
ইরানের সংবিধান অনুযায়ী, দেশটির সর্বোচ্চ নেতা নির্বাচন করে ৮৮ সদস্যের ধর্মীয় পরিষদ ‘অ্যাসেম্বলি অব এক্সপার্ট’। এই পরিষদের ভোটের মাধ্যমে মোজতবা খামেনিকে দেশের পরবর্তী সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত করা হয়েছে। সিদ্ধান্ত ঘোষণার পর নতুন নেতার প্রতি সমর্থন জানাতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে পরিষদটি।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন তৎকালীন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি। ওই হামলায় তার স্ত্রী ও মেয়েসহ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা প্রাণ হারান। এরপর থেকেই নতুন নেতৃত্ব নিয়ে আলোচনা শুরু হয় ইরানের রাজনৈতিক অঙ্গনে।
বিজ্ঞাপন
আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মোজতবা খামেনি কখনো কোনো সরকারি পদে দায়িত্ব পালন করেননি এবং সরাসরি কোনো নির্বাচনে অংশও নেননি। তবে তার বাবা ক্ষমতায় থাকার সময় থেকেই ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে তার প্রভাব ছিল উল্লেখযোগ্য। বিশেষ করে ইসলামিক বিপ্লবী গার্ডের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে বিশ্লেষকদের ধারণা।
আয়াতুল্লাহ আলি খামেনি বয়সের কারণে দুর্বল হয়ে পড়ার পর থেকেই মোজতবা খামেনিকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছিল। বর্তমানে ৫৬ বছর বয়সী মোজতবা খামেনি অবশ্য এ বিষয়ে প্রকাশ্যে খুব বেশি মন্তব্য করেননি।
বিজ্ঞাপন
এদিকে নতুন সুপ্রিম লিডার নির্বাচনের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়াও সামনে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দিন আগে মন্তব্য করেছিলেন, মোজতবা খামেনি সুপ্রিম লিডার হলে তা যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য হবে না। তিনি আরও বলেন, ইরানের নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়ায় তাদের সরাসরি সম্পৃক্ত থাকা প্রয়োজন। তবে যুক্তরাষ্ট্রের ওই অবস্থান উপেক্ষা করেই অ্যাসেম্বলি অব এক্সপার্ট মোজতবা খামেনিকেই দেশের সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নিয়েছে।
১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর ইরানের প্রথম সুপ্রিম লিডার হন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। তার মৃত্যুর পর দায়িত্ব পান আয়াতুল্লাহ আলি খামেনি। সাম্প্রতিক হামলায় তার মৃত্যুর পর এখন তৃতীয় সুপ্রিম লিডার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোজতবা খামেনি।
সূত্র: আলজাজিরা।








