ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলে নিহত ১

ইরানের সামরিক বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের মধ্যাঞ্চলে অন্তত একজন নিহত হয়েছেন। এ হামলায় আরও কয়েকজন ইসরায়েলি আহত হয়েছেন। সোমবার ইসরায়েলের সামরিক বাহিনীর তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞাপন
খবরে বলা হয়েছে, সোমবার ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলার পরপরই ইসরায়েলের বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে মধ্যাঞ্চলের একটি এলাকায় নির্মাণাধীন একটি ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে একজন নিহত হন।
ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম এক বিবৃতিতে জানিয়েছে, আহত ব্যক্তিকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা চালানো হয়েছিল। তবে গুরুতর আঘাতের কারণে প্রায় ৪০ বছর বয়সী ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করতে হয়।
বিজ্ঞাপন
উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ধ্বংসস্তূপের আঘাতে গুরুতর আহত আরও একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান যে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে, তার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলে অন্তত ১১ জন নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
ইরানের হামলার সময় ছবি ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে ৩০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে কাতার। সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞাপন
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিমানবন্দর, সামরিক ঘাঁটি, জ্বালানি স্থাপনা এবং আবাসিক এলাকাকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতির মধ্যেই উপসাগরীয় অঞ্চলে গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘটনা বাড়ছে।
কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হামলার ভিডিও ধারণ ও প্রচার করেছেন এবং এমন তথ্য ও গুজব ছড়িয়েছেন যা জনমনে আতঙ্ক বা উত্তেজনা সৃষ্টি করতে পারে। দেশটির অপরাধ তদন্ত বিভাগের অধীন অর্থনৈতিক ও সাইবার অপরাধ দমন ইউনিট জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিকও রয়েছেন।
বিজ্ঞাপন
কাতারের এই পদক্ষেপের আগে মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশেও অনুরূপ ঘটনা ঘটেছে। গত ৬ মার্চ বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ইরানি হামলার প্রভাব নিয়ে ভিডিও ধারণ ও প্রচার এবং মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।








