ইসরায়েলি ঘাঁটি ও ব্যারাকে হামলার দাবি হিজবুল্লাহর

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তারা মঙ্গলবার (১০ মার্চ) ভোরে ইসরায়েলের একটি ড্রোন নিয়ন্ত্রণ ঘাঁটি ও সীমান্তসংলগ্ন একটি সামরিক ব্যারাকে হামলা চালিয়েছে।
বিজ্ঞাপন
সংগঠনটির দাবি অনুযায়ী, ইসরায়েলের সাফেদ শহরের পূর্বদিকে অবস্থিত গিভা ড্রোন নিয়ন্ত্রণ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। একই সময় সীমান্তের কাছে ইয়িফতাহ ব্যারাক লক্ষ্য করে রকেট নিক্ষেপ করা হয়।
হিজবুল্লাহ আরও জানায়, এর আগেও সোমবার সকালে হাইফার পূর্বে অবস্থিত জিপোরিত সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়। এছাড়া সন্ধ্যার দিকে তেল আবিবের কাছাকাছি তেল হাশোমার ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
বিজ্ঞাপন
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে তাদের লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গেছে। তার মতে, সংঘাতটি শিগগিরই শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও চলতি সপ্তাহেই তা শেষ হবে না।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা অব্যাহত থাকায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সমর্থনে দেশটির বিভিন্ন স্থানে বড় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসব সমাবেশে হাজার হাজার মানুষ অংশ নিয়েছে।
অন্যদিকে ইরানও পাল্টা প্রতিক্রিয়া হিসেবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ও ইসরায়েলি স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। বাহরাইন, কুয়েত ও সৌদি আরবের বিভিন্ন স্থানে এসব হামলার খবর পাওয়া গেছে।
বিজ্ঞাপন
সংঘাতের মধ্যে ইসরায়েলে অন্তত দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অপরদিকে লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪৮৬ জন ছাড়িয়ে গেছে।
সূত্র: আল জাজিরা।








