Logo

আমরা হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর অপেক্ষায় আছি: আইআরজিসি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১০ মার্চ, ২০২৬, ১৫:১৯
আমরা হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর অপেক্ষায় আছি: আইআরজিসি
ছবি: সংগৃহীত

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনী মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে। আইআরজিসির মুখপাত্র মেজর জেনারেল আলী মোহাম্মদ নাইনি মঙ্গলবার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমকে এ কথা জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, “ইরান প্রজাতন্ত্রের প্রতিরক্ষা বাহিনী হরমুজ প্রণালি এলাকায় মার্কিন নৌবাহিনী এবং বিমানবাহী রণতরী ‘গেরাল্ড ফোর্ট’-এর জন্য অপেক্ষা করছে। যতদিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে আমাদের যুদ্ধ শেষ হবে না, ততদিন হরমুজ প্রণালির মাধ্যমে এক লিটার তেলও পশ্চিমা বিশ্বে যাবে না।”

গতকাল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সংবাদ সম্মেলনে বলেছেন, হরমুজ প্রণালির জলপথ জাহাজ চলাচলের জন্য নিরাপদ থাকবে। তিনি হুমকি দিয়েছেন, যদি ইরান প্রণালিটি বন্ধ করে, তাহলে বর্তমানের চেয়ে ইরানে ২০ গুণ বেশি হামলা করা হবে। এছাড়া তিনি উল্লেখ করেছেন, প্রয়োজনে মার্কিন নৌবাহিনী ট্যাঙ্কার জাহাজগুলোকে নিরাপত্তা প্রহরা দেবে।

বিজ্ঞাপন

হরমুজ প্রণালি আরব সাগর ও পারস্য উপসাগরকে সংযুক্ত করে এবং আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট। প্রতিদিন বিশ্বের তেল ও তরল গ্যাসবাহী জাহাজের প্রায় ২০ শতাংশ এই রুট ব্যবহার করে। মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলো এই পথ ব্যবহার করেই তেল রপ্তানি করে; তাই এটি ‘জ্বালানির বৈশ্বিক দরজা’ হিসেবে পরিচিত।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘর্ষ শুরু হওয়ার পর আইআরজিসি হরমুজ প্রণালিতে চলাচলকারী বিভিন্ন জাহাজের ক্রুদের সতর্ক করেছে। কয়েকটি জাহাজেও হামলা চালানো হয়েছে। ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম অপারেশনের তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত হরমুজ প্রণালীতে ১০টি তেলবাহী জাহাজে হামলা হয়েছে।

সূত্র: সিএনএন

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD