যুদ্ধবিরতি চায় না ইরান: স্পিকার মোহাম্মদ বাকের

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ জানিয়েছেন, চলমান সংঘাতের মধ্যে ইরান যুদ্ধবিরতির পক্ষে নয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আগ্রাসনের জবাব এমনভাবে দিতে হবে যাতে ভবিষ্যতে কেউ আর ইরানের ওপর হামলার কথা চিন্তাও না করে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, জায়নবাদী শাসনব্যবস্থা নিজেদের আধিপত্য ধরে রাখতে যুদ্ধ, আলোচনা, যুদ্ধবিরতি এবং আবার যুদ্ধ—এমন একটি চক্র চালিয়ে যেতে চায়। তবে ইরান সেই চক্র ভেঙে দিতে চায়।
এদিকে খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরও এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত না হওয়া পর্যন্ত এই যুদ্ধ শেষ হবে না এবং ইরান যুদ্ধবিরতির পথে হাঁটছে না।
বিজ্ঞাপন
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও একই ধরনের অবস্থান তুলে ধরেছেন। মার্কিন গণমাধ্যম পিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার আলোচনায় বসার সম্ভাবনা খুবই কম। অতীতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার অভিজ্ঞতা ইরানের জন্য অত্যন্ত তিক্ত ছিল বলেও মন্তব্য করেন তিনি।
তার ভাষ্য অনুযায়ী, এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই দফা আলোচনা হয়েছিল। কিন্তু সেই আলোচনার পরই ইরানের ওপর সাম্প্রতিক হামলা চালানো হয়।
অন্যদিকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, যুদ্ধবিরতি নিয়ে আলোচনার একটি প্রধান শর্ত রয়েছে—ভবিষ্যতে ইরানের ওপর আর কখনো হামলা চালানো হবে না, এমন নিশ্চয়তা দিতে হবে।








