তেলের দাম বাড়ায় যুদ্ধ থেকে সরে আসতে ট্রাম্পকে পরামর্শ উপদেষ্টাদের

বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বাড়তে থাকায় ইরানের সঙ্গে চলমান যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রকে দ্রুত সরে আসার পরামর্শ দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ কয়েকজন উপদেষ্টা—এমন তথ্য উঠে এসেছে এক প্রতিবেদনে। আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা এবং দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপের কারণেই এই পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প নিজেও ইঙ্গিত দিয়েছেন যে যুদ্ধ দ্রুত শেষ হতে পারে। তিনি দাবি করেন, মার্কিন বাহিনী ইতোমধ্যে প্রত্যাশার চেয়ে বেশি সাফল্য অর্জন করেছে এবং সামরিক অভিযান নির্ধারিত সময়সূচির তুলনায় এগিয়ে রয়েছে।
তবে প্রশাসনের ভেতরের অনেক কর্মকর্তা মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে তড়িঘড়ি করে যুদ্ধ থেকে সরে আসা সহজ হবে না। কারণ ইরানের ধারাবাহিক পাল্টা হামলা এবং অঞ্চলে ইসরায়েলের সামরিক প্রস্তুতি যুক্তরাষ্ট্রের জন্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
বিজ্ঞাপন
প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ইরানকে সতর্ক করে দিয়েছেন যাতে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ ব্যাহত না করা হয়। একই সময়ে উপদেষ্টাদের একটি অংশ যুদ্ধ শেষ করার জন্য স্পষ্ট কৌশল ঘোষণার আহ্বান জানাচ্ছেন। তাদের আশঙ্কা, তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়িয়ে গেলে আসন্ন নির্বাচনে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
এদিকে সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের অধিকাংশ নাগরিক এই যুদ্ধের পক্ষে নন। তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট প্রশাসনের অভ্যন্তরে মতভেদের কথা অস্বীকার করে এ ধরনের প্রতিবেদনকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন।
বিশ্ববাজারে অস্থিরতা ও মুদ্রাস্ফীতির আশঙ্কা বাড়তে থাকায় এই যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হচ্ছে বলে বিশ্লেষকদের ধারণা।
বিজ্ঞাপন
সূত্র: আল মায়াদিন








