যৌথ হামলায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত

ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রথম দিনেই পায়ে গুরুতর আঘাত পেয়েছেন বলে দাবি করা হয়েছে। বুধবার (১১ মার্চ) মার্কিন সংবাদপত্র দ্য নিউইয়র্ক টাইমস ইরানি ও ইস্রায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে।
বিজ্ঞাপন
৫৬ বছর বয়সী মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির উত্তরসূরি হিসেবে গত রবিবার দায়িত্ব গ্রহণ করেন। আলী খামেনি দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পর চলমান সংঘাতের প্রথম দিনে প্রাণ হারান। দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে চালানো হামলায় মোজতবা খামেনির পা ক্ষতিগ্রস্ত হয়েছিল।
বর্তমানে তার অবস্থান ও চিকিৎসার বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা মনে করছেন, শারীরিক আঘাতের কারণে তিনি জনসমক্ষে বা টেলিভিশন ভাষণে হাজির হতে পারছেন না। তেহরানের রাস্তায় তার ছবি ও ব্যানার থাকলেও নেতার অনুপস্থিতি সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে।
বিজ্ঞাপন
ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিতে এই খবরের গুরুত্ব অনেক। দায়িত্ব গ্রহণের পরও তার শারীরিক সক্ষমতা নিয়ে ধোঁয়াশা থাকায় প্রশাসনিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের অভ্যন্তরে যুদ্ধকালীন জরুরি অবস্থা ও সর্বোচ্চ নেতার আহত হওয়ার সংবাদ ইরানি সামরিক বাহিনী ও জনগণের মনোবলকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
ইরানি গণমাধ্যমগুলো এখন পর্যন্ত নতুন নেতার আঘাত নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোজতবার শারীরিক অবস্থার ওপর নজর রাখছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, আঘাত গুরুতর হলে ইরানের নেতৃত্ব প্রদানে মোজতবা কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবেন, তা নিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে নতুন জল্পনা তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস।








