Logo

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম, ব্যারেলপ্রতি ১০০ ডলার

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১২ মার্চ, ২০২৬, ১১:৩২
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম, ব্যারেলপ্রতি ১০০ ডলার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) লেনদেনে তেলের দাম এক ধাক্কায় ৯ শতাংশের বেশি বেড়েছে।

বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যে জ্বালানি তেল সরবরাহ অবকাঠামোতে নতুন করে হামলার আশঙ্কা তৈরি হওয়ায় বাজারে এই ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। বিশেষ করে ইরানের হামলার খবরে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটতে পারে—এমন শঙ্কায় আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।

খবরে বলা হয়েছে, আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড তেলের দাম ৯ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলার ৫০ সেন্টে পৌঁছেছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৮ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৯৪ ডলার ৯২ সেন্টে।

বিজ্ঞাপন

এশিয়ার বাজারেও একই ধারা দেখা গেছে। লেনদেনের সময় ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলার অতিক্রম করে।

এদিকে সরবরাহ ঘাটতির আশঙ্কা মোকাবিলায় পদক্ষেপ হিসেবে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জানিয়েছে, তাদের ৩২টি সদস্য দেশ জরুরি মজুত থেকে মোট ৪০০ মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছাড়বে। তবে এই ঘোষণাও দামের ঊর্ধ্বগতি থামাতে পারেনি।

এর আগের দিন ইরান সতর্ক করে বলেছিল, হরমুজ প্রণালি এলাকায় জাহাজে হামলা বাড়তে থাকলে তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলার পর্যন্ত উঠতে পারে। বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হিসেবে এই প্রণালিটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

এদিকে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর এক মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা তাদের মিত্রদের সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো জাহাজকে লক্ষ্যবস্তু করা হতে পারে।

তিনি আরও বলেন, কৃত্রিমভাবে তেলের দাম নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির ওপরই জ্বালানি বাজারের ভবিষ্যৎ নির্ভর করছে।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD