মধ্যপ্রাচ্যের সংঘাতে হতাহত অন্তত ১১০০ শিশু: ইউনিসেফে

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান তীব্র সংঘাত লাখ লাখ শিশুর জন্য ভয়াবহ মানবিক সংকট তৈরি করেছে বলে সতর্ক করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটির তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত এ অঞ্চলে অন্তত ১ হাজার ১০০ শিশু নিহত বা আহত হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার প্রকাশিত এক বিবৃতিতে ইউনিসেফ জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সহিংসতা শিশুদের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। সংস্থার দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত ইরানে ২০০ শিশু, লেবাননে ৯১ জন, ইসরায়েলে ৪ জন এবং কুয়েতে১ জন শিশু প্রাণ হারিয়েছে। এসব ঘটনার ফলে শিশুদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।
সংস্থাটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, “সহিংসতা যত বাড়ছে এবং ছড়িয়ে পড়ছে, এই সংখ্যা আরও বাড়তে পারে।” যুদ্ধের কারণে লাখ লাখ শিশুর পড়াশোনা বন্ধ হয়ে গেছে এবং অবিরাম বোমা হামলার মুখে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে মানবেতর জীবনযাপন করছে লাখ লাখ মানুষ।
বিজ্ঞাপন
ইউনিসেফ জোর দিয়ে বলেছে, শিশুদের হত্যা করা, পঙ্গু করে দেওয়া বা তাদের জন্য প্রয়োজনীয় মৌলিক সেবাগুলো ধ্বংস করার কোনো যুক্তিই গ্রহণযোগ্য নয়। সংস্থাটি আরও উল্লেখ করেছে, মধ্যপ্রাচ্যে প্রায় ২০ কোটি শিশুর ভবিষ্যৎ এখন ঝুঁকির মুখে। এ পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি ও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলেও বিবৃতিতে আহ্বান জানানো হয়েছে।
সূত্র : আলজাজিরা।








