মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানে সহায়তা পাঠালো রাশিয়া

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ইরানের জন্য মানবিক সহায়তা পাঠিয়েছে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-এর নির্দেশে ১৩ টন ওষুধসহ জরুরি সহায়তা পাঠানো হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, বিশেষ বিমানযোগে এই চিকিৎসা সামগ্রী প্রথমে আজারবাইজান-এ পৌঁছানো হয়েছে। সেখান থেকে তা ইরানি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে। ইরানের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বড় ধরনের সামরিক হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ এক হাজার তিনশোর বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
এর জবাবে ইরানও ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে—এমন উপসাগরীয় কয়েকটি দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। বিশ্লেষকদের মতে, এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে মিত্র দেশ হিসেবে রাশিয়ার এই চিকিৎসা সহায়তা পাঠানো ভূরাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।
সূত্র: আনাদোলু








