খার্গ দ্বীপে হামলা হলে মার্কিন তেল কোম্পানি ‘ছাইয়ের স্তূপ’ করার হুমকি ইরানের

মার্কিন বাহিনী যদি ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোতে হামলা চালায়, বিশেষ করে খার্গ দ্বীপের তেল স্থাপনাগুলো লক্ষ্য করে কোনো অভিযান পরিচালনা করে, তাহলে মধ্যপ্রাচ্যে সক্রিয় মার্কিন তেল কোম্পানিগুলোকে ‘ছাইয়ের স্তূপে’ পরিণত করার হুমকি দিয়েছে ইরান। একই সঙ্গে এসব কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকেও সম্ভাব্য লক্ষ্যবস্তু করা হতে পারে বলে সতর্ক করেছে তেহরান।
বিজ্ঞাপন
ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে এ হুমকি দিয়েছে। দেশটির দুই সংবাদমাধ্যম ফার্স এবং তাসনিম নিউজ আজ শনিবার সেই বিবৃতি প্রচারও করেছে।
এর আগে শুক্রবার ইরানের বাণিজ্যিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপে অভিযান চালায় মার্কিন বিমান বাহিনী। এই অভিযানের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দেন। সেখানে তিনি জানান, আপাতত দ্বীপটির তেল অবকাঠামো ধ্বংস করার সিদ্ধান্ত নেননি। তবে যদি ইরান বা অন্য কোনো পক্ষ হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচলে বাধা সৃষ্টি করে, তাহলে তিনি তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন।
বিজ্ঞাপন
ট্রুথ সোশ্যালে ট্রাম্প এই পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টা পর মধ্যপ্রাচ্যে বাণিজ্যরত মার্কিন তেল ও গ্যাস কোম্পানিগুলো লক্ষ্য করে হামলার হুমকি দেয় আইআরজিসি।
উল্লেখ্য, পারস্য উপসাগরের ইরানের উপকূল থেকে ২৬ কিলোমিটার এবং হরমুজ প্রণালি থেকে ৪৮৩ কিলোমিটার উত্তরপশ্চিমে অবস্থিত ৫ বর্গমাইল আয়তনের খার্গ দ্বীপ ইরানের ‘অর্থনৈতিক মেরুদণ্ড’ এবং জ্বালানি বাণিজ্যের ‘প্রাণ’ হিসেবে পরিচিত। দেশটির ৯০ শতাংশ অপরিশোধিত তেল এবং তরল গ্যাসের চালান এই দ্বীপ থেকেই বহির্বিশ্বে যায়। কৌশলগতভাবেও এ দ্বীপটি খুব গুরুত্বপূর্ণ।
বিজ্ঞাপন
সূত্র : বিবিসি








