হরমুজ প্রণালিতে পাহারার আহ্বান: ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান জাপানের

হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকার জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে মিত্র দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই আহ্বান ইতোমধ্যেই প্রত্যাখ্যান করেছে জাপান।
বিজ্ঞাপন
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এক বিবৃতিতে জানান, হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজগুলোকে নিরাপত্তা দিতে সেখানে জাপানের নৌবাহিনীর কোনো জাহাজ পাঠানোর পরিকল্পনা বর্তমানে টোকিওর নেই।
গত ১৩ ফেব্রুয়ারি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী শিগগিরই হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজগুলোকে পাহারা দেওয়া শুরু করবে।
বিজ্ঞাপন
পরে ১৫ ফেব্রুয়ারি তিনি একই কাজে জাপানসহ কয়েকটি মিত্র দেশকে এগিয়ে আসার আহ্বান জানান। ট্রাম্পের আহ্বান পাওয়া দেশগুলোর মধ্যে ছিল চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া ও ব্রিটেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এসব দেশকে নিজেদের স্বার্থ রক্ষায় এগিয়ে আসা উচিত, কারণ হরমুজ প্রণালী থেকেই তারা জ্বালানির বড় অংশ সংগ্রহ করে।
এদিকে ট্রাম্পের এই আহ্বানের কয়েক ঘণ্টার মধ্যেই এ বিষয়ে বিবৃতি দেয় জাপানের প্রধানমন্ত্রীর দপ্তর। সেখানে সানায়ে তাকাইচি বলেন, হরমুজ প্রণালীতে নিরাপত্তা জাহাজ পাঠানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আইনি কাঠামোর মধ্যে থেকে জাপান কী ধরনের পদক্ষেপ নিতে পারে, তা নিয়ে চিন্তাভাবনা চলছে।
বিজ্ঞাপন
জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি-ও একই ধরনের বক্তব্য দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জাপান কী করতে পারে এবং বর্তমান পরিস্থিতিতে তা করা উচিত কি না—এ দুটি বিষয় আলাদা করে বিবেচনা করা দরকার।
ট্রাম্পের আহ্বানের পর প্রথম দেশ হিসেবে জাপান আনুষ্ঠানিকভাবে এ প্রস্তাব প্রত্যাখ্যান করল। অন্য দেশগুলো এখনো এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
সূত্র: আল জাজিরা








