লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল

লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে ‘সীমিত’ ও লক্ষ্যভিত্তিক স্থল অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে এ অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
বিজ্ঞাপন
সোমবার (১৬ মার্চ) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ তথ্য জানায়। সামরিক বাহিনীর দাবি, অগ্রবর্তী প্রতিরক্ষা এলাকা সম্প্রসারণের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হচ্ছে।
গত ২ মার্চ থেকে লেবাননে ইসরায়েলের চলমান হামলার জবাবে হিজবুল্লাহ ইসরায়েলি সামরিক স্থাপনায় পাল্টা আক্রমণ শুরু করে। একই সময়ে বৈরুতের দক্ষিণাঞ্চলসহ লেবাননের দক্ষিণ ও পূর্ব এলাকায় বিমান হামলা জোরদার করে ইসরায়েল।
বিজ্ঞাপন
এর পরদিন, ৩ মার্চ দক্ষিণ লেবাননে স্থল অভিযান চালায় ইসরায়েল। এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বিতভাবে ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সামরিক অভিযানের ধারাবাহিক অংশ বলে উল্লেখ করা হয়েছে।
লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রসারিত হামলায় দেশজুড়ে এখন পর্যন্ত ৬৮৭ জন নিহত এবং ১ হাজার ৭৭৪ জন আহত হয়েছেন। এছাড়া প্রায় ৮ লাখ ২২ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানানো হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি








