Logo

ইরানের হামলায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর আবার চালু দুবাই বিমানবন্দর

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৬ মার্চ, ২০২৬, ১৭:০৪
ইরানের হামলায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর আবার চালু দুবাই বিমানবন্দর
ছবি: সংগৃহীত

ইরানের ড্রোন হামলার ফলে বড় ধরনের অগ্নিকাণ্ডের পর প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে সীমিত পরিসরে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়েছে। দুবাই প্রশাসনের জনসংযোগ দপ্তর জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টা (বাংলাদেশ সময় দুপুর ১২টা) থেকে আংশিকভাবে কার্যক্রম চালু করা হয়।

বিজ্ঞাপন

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ (ডিএক্সবি) এবং দুবাইয়ের জনসংযোগ দপ্তর সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ পৃথক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।

ডিএক্সবির বিবৃতিতে জানানো হয়, বর্তমানে সীমিত ফ্লাইট পরিচালনা চলছে। জরুরি বাণিজ্যিক ফ্লাইট ও কার্গো পরিষেবা অব্যাহত রয়েছে। কিছু ফ্লাইট আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানান্তর করা হয়েছে। স্থগিত অন্যান্য ফ্লাইটগুলো পর্যায়ক্রমে পুনরায় চালু করা হবে বলেও জানানো হয়। যাত্রীদের আতঙ্কিত না হয়ে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে রোববার মধ্যরাতে ইরানের বিস্ফোরকবাহী ড্রোনের আঘাতে বিমানবন্দরের একটি জ্বালানি ট্যাংকে বিস্ফোরণ ঘটে। এতে বড় অংশজুড়ে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের পর সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়। পরে দুবাই প্রশাসন জানায়, এই সিদ্ধান্ত অস্থায়ী ছিল।

উল্লেখ্য, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর। প্রতিদিন এখানে হাজারো ফ্লাইট ওঠানামা করে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের লাখো যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করেন।

সূত্র: রয়টার্স

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD