যুদ্ধে পাশে থাকার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানাল ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান পরিস্থিতিতে সমর্থন ও সংহতি জানানোর জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিজ্ঞাপন
উর্দু ভাষায় দেওয়া পোস্টে আরাগচি বলেন, মার্কিন ও ইসরায়েলি হামলার মুখে ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং ইরানি জনগণের প্রতি সংহতি ও দৃঢ় সমর্থন প্রদানের জন্য পাকিস্তানের সরকার ও জনগণকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে তেহরান।
ইরান ও পাকিস্তানের মধ্যে সীমান্ত রয়েছে। এমন সময়ে এই বার্তা এলো, যখন আঞ্চলিক কূটনৈতিক সম্পর্ক ও উত্তেজনা নিয়ে আলোচনা চলছে। মধ্যপ্রাচ্যে ইরানের বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে সৌদি আরবকে বিবেচনা করা হয়।
বিজ্ঞাপন
গত ১২ মার্চ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকের জন্য রিয়াদে যান। রওনা হওয়ার আগে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ বিভিন্ন নেতার সঙ্গে টেলিফোনে কথা বলেন।
এদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার গত সপ্তাহে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে চীন, সৌদি আরব, কুয়েত ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক টেলিফোন আলোচনা করেছেন।
বিজ্ঞাপন
মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার হরমুজ প্রণালী দিয়ে একটি পাকিস্তানি জাহাজকে নিরাপদে চলাচলের সুযোগ দিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনী।
সূত্র: আলজাজিরা








