যুদ্ধের ধ্বংসযজ্ঞের মাঝেও যেমন কাটছে ইরানিদের দৈনন্দিন জীবন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলার প্রভাব পড়েছে ইরানের জনজীবনে। রাজধানী তেহরানের বাসিন্দারা এখন গভীর উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন। যুদ্ধ তৃতীয় সপ্তাহে পৌঁছানোর পর শহরের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
বিজ্ঞাপন
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রায় প্রতিটি রাতই কাটছে আতঙ্ক ও অজানা আশঙ্কার মধ্যে। তেহরানের এক ৩২ বছর বয়সী বাসিন্দা জানান, গত কয়েক দিন ধরে তাদের মনে হচ্ছে যেন ধ্বংসস্তূপের মাঝেই বসবাস করছেন তারা।
ভবিষ্যৎ নিয়ে তীব্র অনিশ্চয়তা কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন। তার মতে, বর্তমান পরিস্থিতি একইসঙ্গে দমবন্ধ করা এবং হতাশাজনক।
বিজ্ঞাপন
নিরাপত্তার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনকে জানান, প্রতি রাতে হামলার তীব্রতা আগের তুলনায় বাড়ছে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার অনুভূতিও তৈরি হচ্ছে। তবে ভয়াবহ এই পরিস্থিতির মধ্যেও কেউ কেউ স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখার চেষ্টা করছেন।
৪৪ বছর বয়সী এক বাসিন্দা বলেন, মৃত্যু ও ধ্বংসযজ্ঞের মাঝেও জীবন থেমে থাকে না। আতঙ্কে ঘরে বসে থাকার পরিবর্তে দৈনন্দিন কাজ চালিয়ে যাওয়াকেই তারা বেঁচে থাকার সংগ্রাম হিসেবে দেখছেন।
বিজ্ঞাপন
অন্যদিকে ৩০ বছর বয়সী এক নারী জানান, রাতের বেলা শহরের বিভিন্ন জায়গা থেকে বোমা বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়, যা অত্যন্ত ভীতিকর। তার মতে, বিদেশে থাকা কিছু মানুষ এই সংঘাতকে সমর্থন করলেও স্থানীয় বাসিন্দাদের কাছে এটি এক অর্থহীন ধ্বংসযজ্ঞ। ক্রমাগত বোমাবর্ষণের মধ্যে এমন মানবেতর জীবন কারও কাম্য হতে পারে না বলেও তিনি মন্তব্য করেন।
সূত্র: সিএনএন








