মুসলিম দেশগুলোর প্রতি ইরানের নিরাপত্তা প্রধানের আহ্বান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের দেশগুলোকে পাশে থাকার আহ্বান জানিয়ে খোলা চিঠি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি।
বিজ্ঞাপন
আরবি ভাষায় লেখা ওই চিঠিতে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাতে একপক্ষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবং অন্যপক্ষে প্রতিরোধ শক্তি অবস্থান করছে। তার দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্র কারও প্রতি বিশ্বস্ত নয় এবং ইসরায়েল অনেক দেশের জন্য হুমকি। তিনি মুসলিম দেশগুলোকে পরিস্থিতি থেমে পর্যালোচনা করার আহ্বান জানান এবং বলেন, ইরান সবসময় পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক চায়, আধিপত্য বিস্তারের কোনো উদ্দেশ্য নেই।
আরও পড়ুন: বাগদাদে মার্কিন বিমান হামলায় নিহত ৪
লারিজানি আরও উল্লেখ করেন, ইরান বর্তমানে ‘মার্কিন-জায়নবাদী আগ্রাসনের’ মুখে রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ইরানকে দুর্বল করার লক্ষ্যেই এই অভিযান শুরু হয়েছে। তিনি আফসোস প্রকাশ করে বলেন, কঠিন সময়ে মুসলিম দেশগুলোর সমর্থন সীমিত।
বিজ্ঞাপন
তবে চিঠিতে তিনি সতর্ক করে বলেন, এই সংঘাত আক্রমণকারী শক্তির জন্যই ক্ষতিকর হবে এবং ইরানের জনগণ শেষ পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যাবে।
উল্লেখ্য, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ২১ দিন আলোচনা হয়। তবে কোনো সমঝোতা ছাড়াই তা শেষ হয়। এরপর ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে বলে জানা যায়। একই সময়ে ইসরায়েলও ‘অপারেশন রোরিং লায়ন’ নামে সামরিক অভিযান শুরু করে।
বিজ্ঞাপন
এর জবাবে ইরান ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিগুলো লক্ষ্য করে একাধিক দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এসব হামলা এখনও অব্যাহত রয়েছে বলে দাবি করা হয়।
এই পরিস্থিতিতে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার খোলা চিঠি আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র: সিএনএন








