Logo

ইরানকে দ্রুত সব ধরনের হামলা বন্ধের আহ্বান ১২ মুসলিম দেশের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৯ মার্চ, ২০২৬, ১৭:১২
ইরানকে দ্রুত সব ধরনের হামলা বন্ধের আহ্বান ১২ মুসলিম দেশের
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরানকে দ্রুত সব ধরনের হামলা বন্ধের আহ্বান জানিয়েছে ১২টি মুসলিম দেশ। সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত এক বৈঠক শেষে দেওয়া যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন

বৈঠকে কাতার, আজারবাইজান, বাহরাইন, মিশর, জর্ডান, কুয়েত, লেবানন, পাকিস্তান, সৌদি আরব, সিরিয়া, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেন।

যৌথ বিবৃতিতে বলা হয়, ইরানকে ‘অবিলম্বে সব ধরনের হামলা বন্ধ’ করতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক নৌপথে কোনো ধরনের বাধা সৃষ্টি বা হুমকি না দেওয়ার জন্যও তেহরানকে সতর্ক করা হয়।

বিজ্ঞাপন

বিশেষভাবে হরমুজ প্রণালি ও বাব আল-মান্দেব প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখার ওপর গুরুত্বারোপ করা হয়, কারণ এই দুটি পথ বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা আবাসিক এলাকা, তেল স্থাপনা, লবণাক্ত পানি বিশুদ্ধকরণ কেন্দ্র, বিমানবন্দর ও কূটনৈতিক স্থাপনাকে লক্ষ্য করে চালানো হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

দেশগুলো এসব হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, কোনো অজুহাতেই এমন আক্রমণ বৈধতা পেতে পারে না।

বিজ্ঞাপন

এছাড়া জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রগুলোর আত্মরক্ষার অধিকার রয়েছে বলেও উল্লেখ করা হয়। একই সঙ্গে ইরানকে আন্তর্জাতিক আইন, মানবিক নীতিমালা এবং প্রতিবেশী দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানানো হয়।

বৈঠকে লেবাননের নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করা হয় এবং দেশটিতে ইসরায়েলের হামলারও নিন্দা জানানো হয়।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে কূটনৈতিক উদ্যোগই সবচেয়ে কার্যকর পথ।

সূত্র: আল-জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD