যুদ্ধ থামাতে বন্ধুরাষ্ট্রের মাধ্যমে ইরানকে অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র

চলমান উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্র বন্ধুরাষ্ট্রগুলোর মাধ্যমে ইরানকে আলোচনায় বসার বার্তা পাঠিয়েছে বলে জানিয়েছে তেহরান। তবে এমন অনুরোধ পাওয়ার কথা স্বীকার করলেও নিজেদের অবস্থান থেকে সরে আসেনি দেশটি।
বিজ্ঞাপন
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেন, যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মিত্র দেশগুলোর মাধ্যমে বার্তা এসেছে।
তেহরান স্পষ্ট করেছে, তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর কোনো ধরনের হামলা হলে এর পরিণতি গুরুতর হবে। বাগাই আরও জানান, হরমুজ প্রণালি ও যুদ্ধবিরতির শর্ত নিয়ে ইরানের আগের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি।
বিজ্ঞাপন
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার দাবি সরাসরি নাকচ করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর বক্তব্যকে ‘ভিত্তিহীন’ উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বর্তমান পরিস্থিতি সামাল দিতে এবং বৈশ্বিক তেলের বাজারে প্রভাব বজায় রাখতে এমন দাবি করছে।
এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের জোরালো আলোচনা চলছে এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে দুই পক্ষ ঐকমত্যে পৌঁছেছে। তিনি সতর্ক করে বলেন, সমঝোতা না হলে ইরানে মার্কিন হামলা অব্যাহত থাকবে।
এর জবাবে গালিবাফ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগ্রাসনের বিরুদ্ধে ইরান কঠোর প্রতিক্রিয়া জানাবে এবং লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত তাদের অবস্থান অপরিবর্তিত থাকবে।
বিজ্ঞাপন
সূত্র: আল জাজিরা








