Logo

‘পারমাণবিক শক্তিই সুরক্ষা’, ইরান ইস্যুতে হুঙ্কার কিমের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৫ মার্চ, ২০২৬, ১৭:৪২
‘পারমাণবিক শক্তিই সুরক্ষা’, ইরান ইস্যুতে হুঙ্কার কিমের
ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাতের প্রেক্ষাপটে পারমাণবিক অস্ত্র ধরে রাখার সিদ্ধান্তকে সঠিক বলে দাবি করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতি প্রমাণ করে—পারমাণবিক সক্ষমতা একটি দেশের জন্য বড় ধরনের নিরাপত্তা নিশ্চয়তা।

বিজ্ঞাপন

মঙ্গলবার দেশটির সুপ্রিম পিপলস অ্যাসেম্বলিতে দেওয়া ভাষণে তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘রাষ্ট্রীয় মদদপুষ্ট আগ্রাসন’ ও ‘সন্ত্রাসবাদ’-এর অভিযোগ তোলেন। যদিও বক্তব্যে সরাসরি ইরানের নাম উল্লেখ করেননি, তবে চলমান যুদ্ধ পরিস্থিতিকে ইঙ্গিত করেছেন।

কিম বলেন, পারমাণবিক অস্ত্র ত্যাগে যুক্তরাষ্ট্রের চাপ ও প্রলোভন প্রত্যাখ্যান করে উত্তর কোরিয়া সঠিক পথেই হেঁটেছে। তিনি আরও জানান, দেশটির পারমাণবিক সক্ষমতা এখন আর পরিবর্তনযোগ্য নয়।

বিজ্ঞাপন

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানকে সম্ভাব্য হুমকি হিসেবে উল্লেখ করেছেন। তার দাবি, ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করতেই সামরিক অভিযান চালানো হয়েছে।

বিশ্লেষকদের মতে, পারমাণবিক অস্ত্রবিহীন দেশগুলো যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির কাছে দুর্বল—উত্তর কোরিয়ার দীর্ঘদিনের এই ধারণা সাম্প্রতিক সংঘাতে আরও জোরদার হয়েছে। বিপরীতে, যেসব দেশের কাছে এমন অস্ত্র রয়েছে, তারা প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম।

কিম জং উনের এই বক্তব্য এমন সময়ে এসেছে, যখন ওয়াশিংটন-পিয়ংইয়ং সম্পর্ক নতুন করে আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে উত্তর কোরিয়া স্পষ্ট করে দিয়েছে—তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আপস হবে না।

বিজ্ঞাপন

দেশটি ইতোমধ্যে একাধিক পারমাণবিক ওয়ারহেড তৈরি করেছে বলে ধারণা করা হয়। পাশাপাশি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও উন্নত অস্ত্র পরীক্ষাও চালিয়ে যাচ্ছে তারা। সাম্প্রতিক সময়ে নতুন যুদ্ধজাহাজ থেকে ক্রুজ মিসাইল উৎক্ষেপণসহ বেশ কয়েকটি সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

রাশিয়ার সঙ্গেও সামরিক ও কৌশলগত সম্পর্ক জোরদার করছে উত্তর কোরিয়া। বিশ্লেষকদের মতে, এর মাধ্যমে তারা খাদ্য, জ্বালানি ও সামরিক প্রযুক্তিগত সহায়তা পাচ্ছে, যা তাদের প্রতিরক্ষা সক্ষমতা আরও বাড়াতে সহায়তা করছে।

বিজ্ঞাপন

সব মিলিয়ে, কিমের সাম্প্রতিক বক্তব্যে স্পষ্ট—কূটনৈতিক আলোচনার ইঙ্গিত থাকলেও পারমাণবিক অস্ত্র ত্যাগের কোনো সম্ভাবনা নেই।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD