নিরাপত্তা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করলেন সৌদি যুবরাজ ও জেলেনস্কি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ইরানি ড্রোন থেকে সৌদি আরবকে সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যে নিরাপত্তা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছেন সৌদি আরবের ক্রাউনপ্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। সৌদি প্রশাসনের এক উচ্চপদস্থ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
বুধবার অঘোষিত সফরে সৌদির উপকূলীয় শহর জেদ্দায় পৌঁছান জেলেনস্কি। সেখানে ক্রাউনপ্রিন্স তার স্বাগত জানান এবং তাদের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে জেলেনস্কি বলেন, ইউক্রেন সৌদি আরবকে ইরানি ড্রোনের আঘাত থেকে রক্ষা করতে প্রস্তুত। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনীয় বিশেষজ্ঞরা সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও জর্ডানে কাজ করে তাদের দক্ষতা প্রমাণ করেছেন। বর্তমানে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে ৬টি দেশ এবং পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে ২০০-এর বেশি ইউক্রেনীয় বিশেষজ্ঞ কাজ করছেন, যারা ইরানি ড্রোন আটকানো ও ধ্বংসে বিশেষ পারদর্শী।
বিজ্ঞাপন
সৌদি এক কর্মকর্তা জানিয়েছেন, জেলেনস্কি ও ক্রাউনপ্রিন্সের বৈঠক ফলপ্রসূ হয়েছে এবং উভয় দেশ চুক্তি স্বাক্ষর করেছে। জেলেনস্কিও সামাজিক যোগাযোগমাধ্যমে চুক্তি স্বাক্ষরের তথ্য নিশ্চিত করেছেন, তবে বিস্তারিত কিছু জানাননি।
এক ইউক্রেনীয় কর্মকর্তা বলেন, “চুক্তি শুধু ড্রোন আটকানোর বিষয় নয়, বরং একটি সমন্বিত সিস্টেম গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এটি অন্যান্য সিস্টেম, বিশেষ করে ক্ষেপণাস্ত্র সুরক্ষা ও এয়ার ডিফেন্স সিস্টেমের সঙ্গে সমন্বয়ে কাজ করবে।”
উল্লেখ্য, রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ চার বছরেরও বেশি সময় ধরে চলছে। এই যুদ্ধে রাশিয়া ইরানি ড্রোনে ব্যাপকভাবে নির্ভর করছে এবং এ জন্য বিভিন্ন ড্রোন কারখানাও স্থাপন করেছে। ইউক্রেন ইতিমধ্যে ড্রোন-বিধ্বংসী এয়ার ডিফেন্স প্রযুক্তিতে দক্ষতা অর্জন করেছে এবং বিশ্বে এই প্রযুক্তির ক্ষেত্রে নেতা হিসেবে বিবেচিত হচ্ছে।
বিজ্ঞাপন
সূত্র: এএফপি








