নেপালে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, পঞ্চম শ্রেণি পর্যন্ত থাকছে না পরীক্ষা

নেপালে শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের অংশ হিসেবে স্কুল ও বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক দল-সমর্থিত সব ধরনের ছাত্র সংগঠন নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের ওপর থেকে পরীক্ষার চাপ কমাতে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রথাগত অভ্যন্তরীণ পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (২৯ মার্চ) নেপাল নিউজের এক প্রতিবেদনে অনুযায়ী, বালেন শাহর নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম মন্ত্রিসভা বৈঠকেই এই ব্যাপক সংস্কার পরিকল্পনার ঘোষণা দেয়। শিক্ষা খাতকে গুরুত্ব দিয়ে ১০০ দফার একটি সংস্কার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যার বড় অংশজুড়ে রয়েছে শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন।
প্রতিবেদনে বলা হয়, শিক্ষাঙ্গনে রাজনীতি নিষিদ্ধ করে নির্ধারিত সময়ের মধ্যে ক্যাম্পাসগুলো থেকে এসব সংগঠনের অস্তিত্ব সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এর পরিবর্তে আগামী ৯০ দিনের মধ্যে অরাজনৈতিক ‘স্টুডেন্ট কাউন্সিল’ গঠন করা হবে, যা শিক্ষার্থীদের প্রকৃত দাবি তুলে ধরবে।
বিজ্ঞাপন
সরকারের আনুষ্ঠানিক দস্তাবেজে বলা হয়েছে, প্রশাসনকে অরাজনৈতিক করতে সরকারি কর্মচারী ও শিক্ষকদের কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকা নিষিদ্ধ এবং দলীয় ট্রেড ইউনিয়ন বিলুপ্ত করা হচ্ছে।
শিক্ষার্থীদের মানসিক চাপ কমানোর লক্ষ্যে পঞ্চম শ্রেণি পর্যন্ত সব ধরনের প্রচলিত অভ্যন্তরীণ পরীক্ষা বাতিল করা হয়েছে। এর পরিবর্তে শিক্ষার্থীদের মূল্যায়নে বিকল্প পদ্ধতি চালু করা হবে, যেখানে মনস্তাত্ত্বিক দিক বিবেচনায় রেখে তাদের শেখার অগ্রগতি নির্ধারণ করা হবে। এতে পড়াশোনাকে আরও আনন্দদায়ক ও চাপমুক্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
বিজ্ঞাপন
এ ছাড়া দীর্ঘদিন ধরে চলে আসা সেশন জট নিরসনে বিশ্ববিদ্যালয়গুলোকে নির্ধারিত শিক্ষা ক্যালেন্ডার মেনে পরীক্ষার ফলাফল প্রকাশের বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষার্থীদের ফল প্রকাশ নিশ্চিত করে উচ্চশিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।








