আজ উড়বে নাসার আর্টেমিস-২, ৫৪ বছর পর চাঁদে যাচ্ছে মানুষ

দীর্ঘ প্রতীক্ষার পর চাঁদ অভিযানে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টেমিস-২ মিশন আজ (১ এপ্রিল) উৎক্ষেপণের জন্য প্রস্তুত। ১৯৭২ সালের পর এটিই হবে মানুষের অংশগ্রহণে প্রথম চন্দ্র অভিযান।
বিজ্ঞাপন
ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে উৎক্ষেপণের জন্য দুই ঘণ্টার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এই সময়ের মধ্যেই রকেটটি উড়াল দেবে।
এই মিশনে চারজন নভোচারী চাঁদের চারপাশ ঘুরে আবার পৃথিবীতে ফিরে আসবেন। তারা চাঁদে অবতরণ করবেন না; বরং এটি একটি পরীক্ষামূলক মানববাহী অভিযান। এতে মহাকাশযানের জীবনধারণ ব্যবস্থা, নেভিগেশন, যোগাযোগসহ বিভিন্ন প্রযুক্তি যাচাই করা হবে।
বিজ্ঞাপন
এর আগে প্রযুক্তিগত সমস্যার কারণে উৎক্ষেপণ কয়েক দফা পিছিয়ে যায়। মহড়ার সময় তরল হাইড্রোজেন গ্যাস লিক এবং পরবর্তীতে হিলিয়াম প্রবাহে ত্রুটি ধরা পড়ায় সময়সূচি পরিবর্তন করা হয়।
আর্টেমিস কর্মসূচি মানুষের আবার চাঁদে ফেরার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। এর লক্ষ্য ভবিষ্যতে চাঁদে স্থায়ী ঘাঁটি স্থাপন এবং মঙ্গল গ্রহে মানব অভিযানের পথ তৈরি করা।
২০২২ সালে আর্টেমিস-১ নামে প্রথম পরীক্ষামূলক মিশন পরিচালিত হয়, যেখানে কোনো মানুষ ছিল না। আর্টেমিস-২ হচ্ছে সেই কর্মসূচির প্রথম মানববাহী অভিযান।
বিজ্ঞাপন
প্রায় ১০ দিনের এই অভিযানে নভোচারীরা চাঁদের পথে যাত্রা, কক্ষপথে চলাচল এবং পৃথিবীতে পুনঃপ্রবেশসহ বিভিন্ন ধাপ অতিক্রম করবেন।
এই মিশন সফল হলে পরবর্তী ধাপে চাঁদে অবতরণসহ আরও বড় পরিকল্পনা বাস্তবায়নের পথ সুগম হবে।
বিজ্ঞাপন
সূত্র: আল জাজিরা








