Logo

আরও ছয় মাস পর্যন্ত যুদ্ধ চালাতে প্রস্তুত ইরান: আব্বাস আরাঘচি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১ এপ্রিল, ২০২৬, ১৮:২৯
আরও ছয় মাস পর্যন্ত যুদ্ধ চালাতে প্রস্তুত ইরান: আব্বাস আরাঘচি
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত অন্তত ছয় মাস পর্যন্ত মোকাবিলা করার সক্ষমতা রয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, প্রয়োজন হলে এর চেয়েও দীর্ঘ সময় যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রস্তুতি রয়েছে তেহরানের।

বিজ্ঞাপন

বুধবার (১ এপ্রিল) দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ইরান নির্দিষ্ট কোনো সময়সীমা মাথায় রেখে কাজ করে না; যেকোনো পরিস্থিতিতে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

এক সাক্ষাৎকারে আরাঘচি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো কূটনৈতিক আলোচনা চলছে না। মাঝেমধ্যে মধ্যস্থতাকারীর মাধ্যমে বার্তা আদান-প্রদান হলেও সেটিকে আনুষ্ঠানিক আলোচনা বলা যায় না।

বিজ্ঞাপন

তিনি স্পষ্ট করে বলেন, সাময়িক যুদ্ধবিরতি বা সীমিত স্থগিতাদেশে ইরান সন্তুষ্ট নয়। স্থায়ীভাবে সংঘাত বন্ধ, ভবিষ্যতে পুনরাবৃত্তি ঠেকানো এবং ক্ষতিপূরণের নিশ্চয়তা—এসব শর্ত পূরণ হলেই যুদ্ধ বন্ধের বিষয় বিবেচনা করা হবে।

পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, দেশের জনগণের স্বার্থ রক্ষাই ইরানের প্রধান লক্ষ্য। বর্তমান পরিস্থিতিতে তা বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধের মধ্যেই সীমাবদ্ধ, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে।

স্ট্রেইট অব হরমুজ প্রসঙ্গে তিনি বলেন, এটি ইরান ও ওমানের অভ্যন্তরীণ জলসীমা হিসেবে বিবেচিত। যুদ্ধাবস্থায় শত্রু দেশগুলোর জন্য এই পথ ব্যবহার সীমিত করা হবে, তবে বন্ধুত্বপূর্ণ দেশগুলোর জন্য নিরাপদ চলাচলের ব্যবস্থা থাকবে।

বিজ্ঞাপন

সম্ভাব্য স্থল অভিযান নিয়েও ইরান প্রস্তুত উল্লেখ করে তিনি সতর্ক করেন, এ ধরনের পদক্ষেপ প্রতিপক্ষের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে।

তিনি দাবি করেন, ইরান যুদ্ধ শুরু করেনি, বরং আত্মরক্ষামূলক অবস্থানে থেকে প্রতিপক্ষের শক্তি ক্ষয় করছে।

বিজ্ঞাপন

ভবিষ্যতে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিবেশী দেশগুলোর সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে আরাঘচি বলেন, বিদেশি সামরিক ঘাঁটির ওপর নির্ভরতা কমানো জরুরি।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD