Logo

ইরানের হিট লিস্টে মধ্যপ্রাচ্যের চার দেশের আটটি গুরুত্বপূর্ণ সেতু

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩ এপ্রিল, ২০২৬, ১৭:৪১
ইরানের হিট লিস্টে মধ্যপ্রাচ্যের চার দেশের আটটি গুরুত্বপূর্ণ সেতু
ছবি: সংগৃহীত

মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ইরানের একটি গুরুত্বপূর্ণ সেতু ক্ষতিগ্রস্ত হওয়ার পর মধ্যপ্রাচ্যের চার দেশের আটটি গুরুত্বপূর্ণ সেতুকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে তেহরান।

বিজ্ঞাপন

ইরানের কারাজ শহরসংলগ্ন ১৩৬ মিটার উঁচু নির্মাণাধীন ‘বি১’ সেতুতে হামলার ঘটনায় অন্তত ৮ জন নিহত এবং প্রায় ৯৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় প্রশাসনের তথ্য। হামলার পর সেতুর একটি বড় অংশ ধসে পড়ার দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এই ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার ভিডিও শেয়ার করে ইরানকে সতর্ক করেন। তিনি বলেন, ইরানকে দ্রুত সমঝোতায় আসতে হবে, নচেৎ আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।

বিজ্ঞাপন

এর জবাবে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম একটি সম্ভাব্য লক্ষ্য তালিকা প্রকাশ করে। সেখানে কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও জর্ডানের আটটি গুরুত্বপূর্ণ সেতুর নাম উল্লেখ করা হয়েছে।

তালিকায় কুয়েতের শেখ জাবের সেতু, সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ, আল মাকতা ও শেখ খলিফা সেতু, সৌদি আরব-বাহরাইন সংযোগকারী কিং ফাহাদ কজওয়ে এবং জর্ডানের কিং হুসেন, দামিয়া ও আবদুন সেতু রয়েছে। ইরান ইঙ্গিত দিয়েছে, নিজেদের অবকাঠামোয় হামলার প্রতিক্রিয়ায় এসব স্থাপনায় পাল্টা আঘাত হানা হতে পারে।

বিজ্ঞাপন

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়ে ইরানকে দমিয়ে রাখা যাবে না। তিনি এই হামলাকে প্রতিপক্ষের ‘নৈতিক পরাজয়’ হিসেবে উল্লেখ করেন।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই উত্তেজনা মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তারের আশঙ্কা বাড়িয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD