Logo

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান, নিহত ৮

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৪ এপ্রিল, ২০২৬, ১০:৪৯
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান, নিহত ৮
ছবি: সংগৃহীত

মধ্য আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চলে শুক্রবার (৩ এপ্রিল) রাতে আঘাত হেনেছে একটি শক্তিশালী ভূমিকম্প। এতে দেশটিতে অন্তত ৮ জন নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৮ এবং এটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৮১ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে। আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, কাবুল প্রদেশের বাগরামি জেলায় একটি বাড়ি ধসে পড়ায় এই হতাহতের ঘটনা ঘটে। একজন শিশুসহ আরও একজন গুরুতর আহত হয়েছেন।

আফগানিস্তানের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিকম্পের পর একজন নিখোঁজ রয়েছেন। উদ্ধারকর্মীরা তার সন্ধানে তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

বিজ্ঞাপন

এই গভীর কেন্দ্রস্থলের ভূমিকম্পের তীব্র কম্পন আফগানিস্তান ছাড়িয়ে ছড়িয়ে পড়ে প্রতিবেশী দেশগুলোতে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ খাইবার পাখতুনখোয়া ও গিলগিট-বালতিস্তান অঞ্চলে শক্তিশালী কম্পন অনুভূত হয়। পাকিস্তানের আবহাওয়া দপ্তর এটির মাত্রা ৬.২ বলে রেকর্ড করেছে এবং গভীরতা প্রায় ১৯০ কিলোমিটার উল্লেখ করেছে। স্থানীয় সময় রাত ৯টা ১৩ মিনিটের দিকে এই কম্পন অনুভূত হয়।

আফগানিস্তানে এই ভূমিকম্প আঘাত হানার পর ভারতের রাজধানী দিল্লিসহ উত্তর ভারতের বিস্তৃত অংশেও রাতের বেলা হঠাৎ কম্পন অনুভূত হয়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সময় রাত ৯টা ৫০ মিনিটের দিকে পাঞ্জাবের চণ্ডীগড় ও লুধিয়ানা এবং জম্মু ও কাশ্মিরের শ্রীনগর, পুঞ্চ ও উধমপুরে কম্পনের তীব্রতায় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।

বিজ্ঞাপন

পাহাড়ি রাজ্য উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনসহ একাধিক শহরে শত শত মানুষ আতঙ্কে বহুতল ভবন ছেড়ে খোলা আকাশের নিচে নেমে আসেন। গভীরতার কারণে বিস্তীর্ণ এলাকা জুড়ে এই কম্পন অনুভূত হলেও ভারতের অংশে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভৌগোলিকভাবে সক্রিয় হিন্দুকুশ ফল্ট লাইনে প্রায়শই এই ধরনের মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প হয়ে থাকে, যা পুরো দক্ষিণ এশিয়া অঞ্চলকে কাঁপিয়ে তোলে। 

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD