তেহরানে ফরাসি ভাষা শিক্ষা কেন্দ্র বন্ধ করে দিল ইরান

‘অবৈধ কার্যকলাপের’ অভিযোগে তেহরানে ফ্রান্সের দূতাবাসের সঙ্গে সংশ্লিষ্ট একটি ফরাসি ভাষা শিক্ষা কেন্দ্র বন্ধ করে দিয়েছে ইরান। রোববার (২০ সেপ্টেম্বর) তেহরান প্রসিকিউটর অফিসের জারি করা বিচারিক আদেশের ভিত্তিতে কেন্দ্রটি বন্ধ করা হয়।
বিজ্ঞাপন
ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, ভাষা শিক্ষার আড়ালে অবৈধ কার্যক্রম এবং স্বীকৃত কূটনৈতিক রীতিনীতির পরিপন্থী আচরণের অভিযোগে কেন্দ্রটির বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
তাসনিমের প্রতিবেদনে বলা হয়, ইরানের আইন ও বিধিমালা অনুযায়ী কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় লাইসেন্স নিতে কেন্দ্রটিকে একাধিকবার সতর্ক করেছিল দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে সেই নির্দেশনা উপেক্ষা করে প্রতিষ্ঠানটি বছরের পর বছর কার্যক্রম চালিয়ে আসছিল বলে অভিযোগ করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ইরানি কর্তৃপক্ষের দাবি, কেন্দ্রটি ‘ভাষা শিক্ষার’ আড়ালে ইরান ও ইসলামি সংস্কৃতির পরিপন্থী এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে—এমন বিভিন্ন প্রকল্প পরিচালনা করেছে। একই সঙ্গে দেশটির মেধাবী তরুণদের শনাক্ত করা, তাদের সঙ্গে যোগাযোগ তৈরি এবং দেশত্যাগে সহায়তার চেষ্টা চালানোর অভিযোগও করা হয়েছে।
তবে ইরানের এসব অভিযোগের বিষয়ে ফ্রান্সের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে গত মাসে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে ‘হস্তক্ষেপের’ অভিযোগে ফরাসি কূটনীতিকদের বিরুদ্ধে তেহরান ব্যবস্থা নেওয়ার পর ফ্রান্সও কয়েকজন ইরানি কূটনীতিককে বহিষ্কার করেছিল।
বিজ্ঞাপন
ইরান ও ফ্রান্সের মধ্যে এমন পাল্টাপাল্টি পদক্ষেপের মধ্যেই তেহরানে ফরাসি ভাষা শিক্ষা কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হলো।
সূত্র: তাসনিম ও আনাদোলু নিউজ এজেন্সি








