একদিনে যুদ্ধবিমানসহ ৬ আকাশযান ভূপাতিতের দাবি আইআরজিসির

ইরানের আকাশসীমায় একদিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনীর একাধিক আকাশযান ভূপাতিত করার দাবি করেছে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তাদের দাবি অনুযায়ী, একটি যুদ্ধবিমান, পাঁচটি ড্রোন এবং একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। এই ঘটনাকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান বাহিনীর জন্য ‘কালো দিন’ হিসেবে উল্লেখ করেছে আইআরজিসি। শনিবার ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়।
বিজ্ঞাপন
আইআরজিসি শুক্রবার রাতে দেওয়া এক বিবৃতিতে জানায়, দেশের বিভিন্ন অঞ্চলে আকাশপথে তীব্র সংঘাতের সময় তাদের প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের বেশ কয়েকটি লক্ষ্যবস্তু সফলভাবে প্রতিহত করেছে। চলমান মার্কিন-ইসরায়েলি সামরিক চাপের মুখে ইরানের আকাশসীমার ওপর নিয়ন্ত্রণ আরও জোরদার হয়েছে বলেও দাবি করা হয়। এই অভিযানের মাধ্যমে ইরানের আকাশ প্রতিরক্ষা সক্ষমতার কার্যকারিতা আবারও প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।
বিবৃতিতে আরও বলা হয়, একটি দীর্ঘস্থায়ী ও কৌশলগত লড়াইয়ের অংশ হিসেবে ইরানের আকাশ প্রতিরক্ষা ইউনিট একটি যুদ্ধবিমানসহ আরও কয়েকটি আকাশযান ভূপাতিত করতে সক্ষম হয়েছে। আইআরজিসির ভাষ্য অনুযায়ী, এই ঘটনা ইরানের আকাশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান শক্তির জন্য বড় ধরনের ধাক্কা।
বিজ্ঞাপন
আইআরজিসির তথ্য অনুযায়ী, ইরানের অ্যারোস্পেস ফোর্স খোমেইন ও জানজান প্রদেশের আকাশে দু’টি ক্রুজ ক্ষেপণাস্ত্র, ইসফাহানের আকাশে দুটি এমকিউ-৯ অ্যাটাক ড্রোন এবং বুশেহরের আকাশে একটি হার্মিস ড্রোন ধ্বংস করেছে। ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের আওতায় থাকা উন্নত সিস্টেম ব্যবহার করে এই অভিযান চালানো হয়েছে।
ইরানের এই বিপ্লবী গার্ড বাহিজনী বলেছে, ইরানের মধ্যাঞ্চলে আকাশ প্রতিরক্ষা বাহিনীর ইউনিটগুলো শত্রুপক্ষের উন্নতমানের যুদ্ধবিমান ভূপাতিত করেছে। হুঁশিয়ারি দিয়ে আইআরজিসি বলেছে, ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর সুনির্দিষ্ট ও উদ্ভাবনী পর্যবেক্ষণের ফলে দেশটির আকাশসীমা শত্রু বিমানের জন্য ক্রমশ আরও অনিরাপদ হয়ে উঠবে।
বিজ্ঞাপন
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি।








