ইরানে বিধ্বস্ত যুদ্ধবিমানের উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস

ইরানে বিধ্বস্ত যুদ্ধবিমানের ক্রু উদ্ধারে অভিযান চালিয়ে সফল হলেও দুটি পরিবহন বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র। জটিল এই অভিযানে পাইলট ও ক্রু সদস্যদের নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হলেও শেষ পর্যন্ত ওই দুটি বিমান ধ্বংস করে দিতে হয়েছে।
বিজ্ঞাপন
রোববার (৫ এপ্রিল) নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, এফ-১৫ যুদ্ধবিমানের ক্রু উদ্ধারে প্রথমে দুটি পরিবহন বিমান ইরানে পাঠানো হয়। কিন্তু সেগুলো সেখানে আটকে পড়ে। পরে উদ্ধার কার্যক্রম জোরদার করতে আরও তিনটি পরিবহন বিমান পাঠানো হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় আটকে পড়া দুটি বিমান ফিরিয়ে আনা সম্ভব হয়নি। ফলে সেগুলো শত্রুপক্ষের হাতে পড়ার ঝুঁকি এড়াতে সেখানেই ধ্বংস করে দেওয়া হয়।
বিজ্ঞাপন
ইরানের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, দুর্গম এলাকায় অস্থায়ী রানওয়ে তৈরি করে সেখানে নামানো হয়েছিল মার্কিন পরিবহন বিমানগুলো, যা পরে আটকে যায়।
প্রতিবেদনে আরও বলা হয়, অভিযানে কয়েকশ মার্কিন সেনা অংশ নেয়। উদ্ধার হওয়া ক্রু সদস্য যুদ্ধবিমানের ‘ওয়েপন সিস্টেম অফিসার’ ছিলেন। তাকে ইরান থেকে সরিয়ে কুয়েতে নেওয়া হয়েছে এবং সেখানে একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অভিযানের সাফল্যের কথা তুলে ধরেন। তিনি জানান, অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যেও একজন সম্মানিত কর্নেলকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং তিনি বর্তমানে নিরাপদ আছেন।








